নেপালে ভয়াবহ হড়পা বান: ১৬২ পার মৃত্যুর সংখ্যা, নিখোঁজ বাংলার একাধিক তীর্থযাত্রী

মানস সরোবর দর্শনে গিয়ে নেপালের ভয়াবহ হড়পা বানে নিখোঁজ হলেন দুর্গাপুরের বামুনাড়ার বাসিন্দা দম্পতি অরিন্দম ও মৌসুমি গঙ্গোপাধ্যায়। পাশাপাশি, তারকেশ্বরের বাসিন্দা স্নেহাশিস দত্তসহ বাংলার অন্তত ৭১ জন পর্যটক নেপালে আটকে পড়ার আশঙ্কায় চরম উদ্বেগ সৃষ্টি হয়েছে।
গত ২১ অগস্ট কাঠমান্ডু হয়ে চিন সীমান্ত দিয়ে মানস সরোবর পৌঁছনোর উদ্দেশ্যে রওনা হয়েছিল ৩২ জনের একটি পর্যটক দল। এই দলে তারকেশ্বরের স্নেহাশিসের পাশাপাশি কলকাতার ৩০ জন পর্যটক এবং ট্যুর ম্যানেজার জয়ন্ত সান্যাল রয়েছেন। বুধবার নেপাল-চিন সীমান্ত থেকে শেষ বার পরিবারের সঙ্গে কথা হয় স্নেহাশিসের। এরপর দুর্যোগ ঘটার পর থেকেই তাঁর সাথে সব ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। একই ভাবে যোগাযোগ বন্ধ রয়েছে দুর্গাপুরের গঙ্গোপাধ্যায় দম্পতির সঙ্গেও। বুধবার রাতে স্থানীয় পুলিশ অরিন্দমবাবুর বাড়িতে গিয়ে প্রতিবেশীদের সাথে কথা বলে এবং দম্পতির কোনো সন্ধান পাওয়া মাত্রই জানানোর নির্দেশ দেয়।
নেপালের রাসুয়া ও নুয়াকোট জেলায় বুধবারের প্রবল হড়পা বানে ধ্বংসলীলা চলে। নেপাল পুলিশ সূত্রে খবর, বৃহস্পতিবার সকাল পর্যন্ত ১৬২ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে এবং অন্তত ৫৯৮ জন নিখোঁজ। এর মধ্যে প্রায় ১৩৩ জন ভারতীয় পর্যটক রয়েছেন বলে সরকারি তথ্য। পরিস্থিতি মোকাবিলায় পশ্চিমবঙ্গ সরকার জরুরি হেল্পলাইন (033-2479 3311, 9147890181) এবং ভারতীয় দূতাবাসও বিশেষ হেল্পলাইন (+9779851316807, +9779709107500) চালু করেছে।