২২ হাজার কোটির ঋণ শোধ স্রেফ সাড়ে ৬ কোটিতে! অবিশ্বাস্য স্বস্তি পেলেন সুভাষ চন্দ্র!

বিশাল অঙ্কের ঋণখেলাপি মামলায় নজিরবিহীন স্বস্তি পেলেন জি গ্রুপের কর্ণধার তথা প্রাক্তন বিজেপি সাংসদ সুভাষ চন্দ্র। ন্যাশনাল কো ম্পা নি ল’ ট্রাইব্যুনাল তাঁর ঋণ মেটানোর প্রস্তাব আনুষ্ঠানিকভাবে অনুমোদন করেছে। এর ফলে প্রায় ২২ হাজার কোটি টাকার বিপুল ঋণ মাত্র সাড়ে ৬ কোটি টাকা পরিশোধ করলেই সম্পূর্ণ মকুব হয়ে যাবে। এককালের প্রথম সারির এই শিল্পপতির ব্যক্তিগত সম্পত্তি থেকে এই নামমাত্র অর্থ প্রদান করে দায়মুক্তির পথ প্রশস্ত হয়েছে।
আদালত সূত্রে জানা গিয়েছে, সুভাষ চন্দ্রের করা এই রিপেমেন্ট প্ল্যানের পক্ষে অবস্থান নিয়েছিলেন অধিকাংশ ঋণদাতা। যদিও এলআইসি হাউসিং ফাইন্যান্স, এইচডিএফসি, অ্যাক্সিস এবং কানারা ব্যাঙ্কের মতো কিছু আর্থিক প্রতিষ্ঠান এই প্রস্তাবের বিরোধিতা করেছিল, তবুও সংখ্যাগরিষ্ঠ ঋণদাতার মতামতের ভিত্তিতে ট্রাইব্যুনাল এই রায় দেয়। ফলে প্রায় ৯৯.৯৭ শতাংশ ঋণ মকুবের আইনি সুবিধা পেয়ে বড় বিপদের হাত থেকে রক্ষা পেলেন এই প্রভাবশালী ব্যবসায়ী।