‘সুইচ টিপলেই বদল নয়!’ মালদহে ১২ দিনে ৮০ শিশুমৃত্যু, তৃণমূলকে নিশানা সুকান্তের

মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে লাগাতার শিশু মৃত্যুর ঘটনায় রাজ্যজুড়ে তৈরি হয়েছে তীব্র চাঞ্চল্য। গত ১৫ অগস্ট থেকে ২৭ অগস্ট—মাত্র ১২ দিনে এই হাসপাতালে মোট ৮০টি শিশুর মৃত্যু হয়েছে। হাসপাতালের পরিসংখ্যান অনুযায়ী, মৃতদের মধ্যে ৫৬ জন সদ্যোজাতকে বিভিন্ন নার্সিংহোম বা পার্শ্ববর্তী জেলা থেকে অত্যন্ত সংকটজনক অবস্থায় এখানে ভর্তি করা হয়েছিল। ক্রমবর্ধমান এই শিশুমৃত্যুর নেপথ্যে চিকিৎসার গাফিলতি রয়েছে কি না, তা খতিয়ে দেখতে ইতিমধ্যেই পূর্ণাঙ্গ রিপোর্ট তলব করেছে স্বাস্থ্য ভবন। পাশাপাশি, শিশু বিভাগে পর্যাপ্ত চিকিৎসকের অভাব এবং প্রযুক্তিবিদ না থাকার বিষয়টিও প্রকাশ্যে এসেছে।
এই পরিস্থিতি নিয়ে বৃহস্পতিবার মালদহ মেডিক্যাল কলেজ পরিদর্শনে গিয়ে রাজ্য সরকারের তীব্র সমালোচনা করেন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি নেতা সুকান্ত মজুমদার। তিনি দাবি করেন, রাতারাতি বা সুইচ টিপে কোনো পরিবর্তন আনা সম্ভব নয়, এর জন্য উপযুক্ত সময়ের প্রয়োজন। তবে একই সঙ্গে বিগত সরকারের আমলে চিকিৎসাক ও পরিকাঠামো বৃদ্ধির ক্ষেত্রে চরম উদাসীনতা ছিল বলেও অভিযোগ তোলেন তিনি। ঘটনার পর থেকেই মৃত শিশুদের পরিবারগুলির মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে এবং হাসপাতাল চত্বরে চিকিৎসা পরিষেবা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।