ব্যাংকিং দুনিয়ায় ইতিহাস! ১২ বছরে ৫৯ কোটি মানুষের ভরসা জিতল এই মেগা প্রকল্প

সাধারণ মানুষের আর্থিক অন্তর্ভুক্তি ও স্বাবলম্বনের লক্ষ্যে শুরু হওয়া প্রধানমন্ত্রী জন ধন যোজনা সফলভাবে ১২ বছর পূর্ণ করল। ২০১৪ সালে চালু হওয়া এই জনহিতকর প্রকল্পের মাধ্যমে দেশের প্রায় ৫৯ কোটি ৯ লক্ষ মানুষ জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট খুলেছেন, যা ভারতের আর্থিক ব্যবস্থার চিত্র পুরোপুরি বদলে দিয়েছে। বিশেষ করে নারীদের অংশগ্রহণ এই প্রকল্পের সাফল্যের অন্যতম বড় দিক, যার মধ্যে প্রায় ৩২ কোটি ৯২ লক্ষ অ্যাকাউন্টই মহিলাদের নামে নিবন্ধিত হয়েছে। গ্রাম থেকে শহর পর্যন্ত সমাজের সর্বস্তরের মানুষ এখন সরাসরি ব্যাঙ্কিং পরিষেবার আওতায় এসেছেন।
এই মেগা প্রকল্পের আওতায় অ্যাকাউন্টধারীরা শুধু টাকা জমার সুবিধাই পাচ্ছেন না, বরং মিলছে একাধিক আর্থিক সুরক্ষা। অ্যাকাউন্টধারীদের বিনামূল্যে রূপাই ডেবিট কার্ডের পাশাপাশি ২ লক্ষ টাকার দুর্ঘটনা বিমা এবং ১০,০০০ টাকা পর্যন্ত ওভারড্রাফটের সুবিধা দেওয়া হচ্ছে। পাশাপাশি, ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার বা ডিবিটি-র মাধ্যমে বিভিন্ন সরকারি অনুদান সরাসরি জমা হচ্ছে। বর্তমানে এই অ্যাকাউন্টগুলিতে জমার পরিমাণ ৩ লক্ষ কোটি টাকা ছাড়িয়েছে, যা সাধারণ মানুষের বর্ধিত আস্থারই প্রমাণ দেয়। আন্তর্জাতিক মহলেও প্রশংসিত এই প্রকল্প দেশের অর্থনৈতিক ভিত্তিকে আরও মজবুত করে তুলছে।