পড়ার টেবিলে বসেই সব উধাও? সন্তানের স্মৃতিশক্তি তুখোড় করতে আজই পাতে দিন এই খাবারগুলো!

ঘণ্টার পর ঘণ্টা বই খুলে বসে থাকলেও পড়া ধরতে গেলেই দেখা যায় সন্তান কিছুই বলতে পারছে না—এমন অভিজ্ঞতা বহু অভিভাবকেরই। কাল যে পড়াটা সহজ মনে হয়েছিল, আজ সেটাই সে পুরো ভুলে বসে আছে। এই অবস্থায় রেগে গিয়ে বকাঝকা করাটাই স্বাভাবিক প্রতিক্রিয়া হলেও, চিকিৎসকরা ভিন্ন পরামর্শ দিচ্ছেন। তাদের মতে, রাগ না করে শিশুর এই সমস্যার পেছনের কারণটা বোঝা জরুরি।
অন্যমনস্কতা, মানসিক চাপ বা অতিরিক্ত চঞ্চলতার কারণে যেমন মনোযোগে বিঘ্ন ঘটে, তেমনই মস্তিষ্কে প্রয়োজনীয় পুষ্টির অভাব থাকলেও স্মৃতিশক্তি কমতে পারে। তবে সঠিক খাদ্যাভ্যাস ও পুষ্টির মাধ্যমে সন্তানের মেধার বিকাশ ঘটিয়ে স্মৃতিশক্তি বহুগুণ বাড়ানো সম্ভব।
শিশুর মেধা ও স্মৃতিশক্তি বাড়াতে খাদ্যতালিকায় যা রাখবেন:
- ডিম: প্রোটিন ও ‘কোলিন’ সমৃদ্ধ ডিম শিশুদের মস্তিষ্কের সঠিক গঠন ও কার্যকারিতা বৃদ্ধিতে সাহায্য করে।
- আখরোট: ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিডে ভরপুর আখরোট ব্রেনের কার্যক্ষমতা বাড়ায় এবং মানসিক ক্লান্তি দূর করে।
- সবুজ শাকসবজি: পালং শাকসহ যেকোনো সবুজ শাকে থাকা ভিটামিন কে, ফোলেট ও বিটা ক্যারোটিন মস্তিষ্ককে সতেজ ও সুস্থ রাখে।
- দেশি ঘি: প্রতিদিন খাবারের সঙ্গে এক চামচ খাঁটি ঘি মেধা ও স্মৃতিশক্তি ধারালো করতে দারুণ কাজ করে।
- চিয়া বীজ: অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর চিয়া বীজ রাতে ভিজিয়ে রেখে পরদিন সকালে খাওয়ালে মস্তিষ্কের স্বাস্থ্য উন্নত হয়।
- আভাকাডো ও ওটস: আভাকাডোর আনস্যাচুরেটেড ফ্যাট মস্তিষ্কে রক্তপ্রবাহ বাড়ায়, আর ভিটামিন ই ও ফাইবার সমৃদ্ধ ওটস শরীরে দীর্ঘক্ষণ শক্তি জোগানোর পাশাপাশি ব্রেন পাওয়ার বাড়াতে সাহায্য করে।
সন্তানের পড়া মনে রাখার ক্ষমতা বাড়াতে এবং সার্বিক মেধা বিকাশে আজ থেকেই তাদের প্রতিদিনের খাবারে এই পুষ্টিকর উপাদানগুলো যুক্ত করুন।