সেপ্টেম্বরে ১৪ দিন ব্যাঙ্ক বন্ধ! ধর্মঘট আর উৎসবের মরশুমে স্তব্ধ হতে পারে পরিষেবা? রইল সম্পূর্ণ তালিকা

সেপ্টেম্বর মাসে ব্যাঙ্কের কাজ মেটানোর পরিকল্পনা থাকলে এখনই সাবধান হওয়া জরুরি। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (RBI) ২০২৬ সালের ক্যালেন্ডার অনুযায়ী, উৎসব ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে চলতি মাসে বিভিন্ন রাজ্যে মোট ১৪ দিন ব্যাঙ্ক বন্ধ থাকবে। তবে সব রাজ্যে এই ছুটির দিনগুলি এক নয়—আঞ্চলিক উৎসবের ওপর নির্ভর করে রাজ্যভেদে ছুটি আলাদা হতে পারে।
ছুটির পাশাপাশি গ্রাহকদের জন্য বড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে ব্যাঙ্ক কর্মীদের প্রস্তাবিত দেশব্যাপী ধর্মঘট। ব্যাঙ্ক ইউনিয়নগুলির যৌথ মঞ্চ ‘ইউনাইটেড ফোরাম অফ ব্যাংক ইউনিয়ন্স’ (UFBU) আগামী ১১ সেপ্টেম্বর এক দিনের ধর্মঘটের ডাক দিয়েছে। এ ছাড়া মাসের শেষ ল্যাপে, অর্থাৎ ২৮ থেকে ৩০ সেপ্টেম্বর টানা তিন দিন ধর্মঘটের কর্মসূচির কথা জানানো হয়েছে।
সেপ্টেম্বর মাসের সম্পূর্ণ ছুটির দিনপঞ্জি:
- ৪ সেপ্টেম্বর: জন্মাষ্টমী উপলক্ষে পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড, উত্তরপ্রদেশ, কেরল, গুজরাট, তামিলনাড়ুসহ দেশের অধিকাংশ রাজ্যে ব্যাঙ্ক বন্ধ।
- ৬ সেপ্টেম্বর: রবিবার (সাপ্তাহিক ছুটি)।
- ১১ সেপ্টেম্বর: জয়পুর পুরসভার নির্বাচনের জন্য জয়পুরে ছুটি। এই দিনেই UFBU-র সর্বভারতীয় ব্যাঙ্ক ধর্মঘট রয়েছে।
- ১২ সেপ্টেম্বর: দ্বিতীয় শনিবার (সারা দেশে ছুটি)।
- ১৩ সেপ্টেম্বর: রবিবার (সাপ্তাহিক ছুটি)।
- ১৪ সেপ্টেম্বর: গণেশ চতুর্থী উপলক্ষে মহারাষ্ট্র, কর্নাটক, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, গোয়া ও ছত্তীসগড়ে ব্যাঙ্ক বন্ধ।
- ১৫ সেপ্টেম্বর: গুজরাটে সংবৎসরী, ওড়িশায় নুয়াখাই এবং গোয়ায় গণেশ চতুর্থীর পরের দিনের ছুটি।
- ২০ সেপ্টেম্বর: রবিবার (সাপ্তাহিক ছুটি)।
- ২১ সেপ্টেম্বর: আসামে শ্রীমন্ত শঙ্করদেব জন্মোৎসব এবং কেরলে শ্রী নারায়ণ গুরু সমাধি দিবস উপলক্ষে ছুটি।
- ২২ সেপ্টেম্বর: ঝাড়খণ্ডে করমা পুজো উপলক্ষে ব্যাঙ্ক বন্ধ।
- ২৩ সেপ্টেম্বর: জম্মু-কাশ্মীরে মহারাজা হরি সিংয়ের জন্মদিন উপলক্ষে ছুটি।
- ২৫ সেপ্টেম্বর: সিকিমে ইন্দ্রযাত্রা উপলক্ষে ছুটি।
- ২৬ সেপ্টেম্বর: চতুর্থ শনিবার (সারা দেশে ছুটি)।
- ২৭ সেপ্টেম্বর: রবিবার (সাপ্তাহিক ছুটি)।
মাসের শেষে টানা ৫ দিন পরিষেবা ব্যাহত হওয়ার আশঙ্কা
মাসের শেষ সপ্তাহে চরম বিপাকে পড়তে পারেন ব্যাঙ্ক গ্রাহকরা। ২৬ সেপ্টেম্বর (চতুর্থ শনিবার) এবং ২৭ সেপ্টেম্বর (রবিবার) নিয়মিত ছুটির পরেই শুরু হচ্ছে UFBU-র ২৮ থেকে ৩০ সেপ্টেম্বরের প্রস্তাবিত তিন দিনের ধর্মঘট। ফলে ধর্মঘট প্রত্যাহার না করা হলে ২৬ থেকে ৩০ সেপ্টেম্বর—টানা পাঁচ দিন ব্যাঙ্ক পরিষেবা থমকে যাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। তাই ব্যাঙ্কের জরুরি কাজ মাসের শুরুতেই সেরে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।