শি জিনপিংয়ের মেগা সার্জারি: দুর্নীতি ও শৃঙ্খলাভঙ্গের দায়ে চিনের সেনা কমিশনের দুই শীর্ষ জেনারেল বরখাস্ত

শি জিনপিংয়ের মেগা সার্জারি: দুর্নীতি ও শৃঙ্খলাভঙ্গের দায়ে চিনের সেনা কমিশনের দুই শীর্ষ জেনারেল বরখাস্ত

দুর্নীতি, গুরুতর শৃঙ্খলাভঙ্গ ও আইন লঙ্ঘনের অভিযোগে চিনের সামরিক বাহিনীর সর্বোচ্চ নীতি-নির্ধারণী সংস্থা ‘রাষ্ট্রীয় সেন্ট্রাল মিলিটারি কমিশন’ (CMC) থেকে দুই শীর্ষ জেনারেলকে সরিয়ে দিয়েছেন প্রেসিডেন্ট শি জিনপিং। চিনের সরকারি সংবাদ সংস্থা সিনহুয়া এই খবরের সত্যতা নিশ্চিত করেছে।

অপসারিত দুই শীর্ষ কর্মকর্তা হলেন কমিশনের ভাইস-চেয়ারম্যান জেনারেল ঝাং ইউশিয়া এবং জয়েন্ট স্টাফ ডিপার্টমেন্টের প্রধান জেনারেল লিউ ঝেনলি। শি জিনপিংয়ের পর ঝাং ইউশিয়াই ছিলেন চিনা সেনার দ্বিতীয় সর্বোচ্চ ক্ষমতাধর ব্যক্তি। ৭ সদস্যের এই শক্তিশালী কমিশন থেকে এই দুজনকে সরিয়ে দেওয়ায় বর্তমানে প্রেসিডেন্ট শি-সহ মাত্র দুজন সক্রিয় সদস্য অবশিষ্ট রইলেন।

একইসঙ্গে চিনের পার্লামেন্ট ‘ন্যাশনাল পিপলস কংগ্রেস’ (NPC) থেকে এই দুই জেনারেলসহ মোট ১২ জন প্রতিনিধিকে বহিষ্কার করা হয়েছে। এই তালিকায় রয়েছেন স্ট্র্যাটেজিক সাপোর্ট ফোর্সের প্রাক্তন কমান্ডার জেনারেল জু চিয়ানশেং, সেন্ট্রাল মিলিটারি কমিশনের প্রাক্তন অফিস পরিচালক লেফটেন্যান্ট জেনারেল ঝং শাওজুন এবং ২০২০ সালের লাদাখ সীমান্ত সংঘর্ষের সময় চিনের ওয়েস্টার্ন থিয়েটার কমান্ডের দায়িত্বে থাকা জেনারেল ঝাও জংছি।

২০১২ সালে ক্ষমতায় আসার পর থেকেই শি জিনপিং চিনের সেনা ও কমিউনিস্ট পার্টিকে দুর্নীতিমুক্ত করতে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করেন। তবে পশ্চিমি রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের মতে, দুর্নীতির বাহানায় রাজনৈতিক প্রতিপক্ষদের সরিয়ে পার্টি ও সেনায় নিজের একচ্ছত্র আধিপত্য বজায় রাখতেই শি এমন কঠোর পদক্ষেপ নিচ্ছেন। অন্যদিকে সমর্থকদের দাবি, চিনকে বিশ্বমঞ্চে শ্রেষ্ঠত্বের আসনে বসাতে শি-র এই প্রায় দেড় দশকব্যাপী শুদ্ধিকরণ অভিযান অত্যন্ত প্রয়োজনীয় পদক্ষেপ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *