ইনফ্লুয়েঞ্জায় অ্যান্টিবায়োটিক কেন ডেকে আনছে বড় বিপদ!

দেশের বিভিন্ন প্রান্তে ইনফ্লুয়েঞ্জা এ (H1N1) এর সংক্রমণ বাড়ায় জ্বর ও সর্দি-কাশির মতো উপসর্গ দেখা দিলেই বহু মানুষ নিজে থেকে অ্যান্টিবায়োটিকের দিকে ঝুঁকছেন। চিকিৎসকদের মতে, এটি একটি মারাত্মক ভুল ধারণা। H1N1 আদতে একটি ভাইরাসঘটিত সংক্রমণ, অথচ অ্যান্টিবায়োটিক শুধুমাত্র ব্যাকটেরিয়া প্রতিরোধের জন্য তৈরি হয়। ফলে ভাইরাসের বিরুদ্ধে এই ওষুধের কোনো কার্যকারিতাই নেই। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) মতে, ব্যাকটেরিয়াজনিত সহ-সংক্রমণের আশঙ্কা না থাকলে মৃদু ইনফ্লুয়েঞ্জায় এই ওষুধ দেওয়া উচিত নয়।
চিকিৎসকদের মতে, চিকিৎসকের পরামর্শ ছাড়া অ্যান্টিবায়োটিক খেলে ফ্লু দ্রুত সারে না, উল্টে বমি ভাব, ডায়রিয়া, পেটে অস্বস্তি ও অ্যালার্জির ঝুঁকি বাড়ে। আইএমএ এর নির্দেশিকা অনুযায়ী, মৌসুমী ইনফ্লুয়েঞ্জায় এর ব্যবহার ওষুধের অপব্যবহার, যা ভবিষ্যতে অ্যান্টিবায়োটিক প্রতিরোধ ক্ষমতা তৈরি করে। তবে এর অর্থ এই নয় যে এর কোনো প্রয়োজন নেই। ব্যাকটেরিয়াজনিত নিউমোনিয়ার মতো সেকেন্ডারি সংক্রমণ দেখা দিলেই কেবল চিকিৎসকরা অ্যান্টিবায়োটিক প্রয়োগ করেন। ফ্লুয়ের ক্ষেত্রে বিশ্রাম ও পর্যাপ্ত জলপানই প্রধান ভরসা।