অভিষেকের পর এবার ডেরেক! ক্যামাক স্ট্রিট কাণ্ডে কড়া পদক্ষেপ পুলিশের, সমন পৌঁছল বাড়িতে

অভিষেকের পর এবার ডেরেক! ক্যামাক স্ট্রিট কাণ্ডে কড়া পদক্ষেপ পুলিশের, সমন পৌঁছল বাড়িতে

ক্যামাক স্ট্রিটে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দপ্তরে বেআইনি বিলবোর্ড খোলা কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ডে এবার রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রায়েনকে তলব করল পুলিশ। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পর তাঁকেও শেক্সপিয়র সরণি থানায় হাজিরা দেওয়ার নোটিস পাঠানো হয়েছে।

রবিবার সকালে ডেরেক ও’ব্রায়েনের প্রিন্স আনোয়ার শাহ রোডের বাড়িতে শেক্সপিয়র সরণি থানার আধিকারিকরা যান এবং তাঁর প্রতিনিধির হাতে সমনের নোটিস তুলে দেন। সোমবারই তাঁকে থানায় হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

গত বৃহস্পতিবার ক্যামাক স্ট্রিটে অভিষেকের অফিসে পুরসভার আধিকারিকরা বেআইনি বিলবোর্ড সরাতে গেলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। অভিযোগ, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসের নিরাপত্তাকর্মী ও প্রতিনিধিরা পুলিশ এবং পুরসভার কাজে চরম বাধা দেন। এক পুলিশ আধিকারিকের কলার ধরে মারধর করা এবং মহিলা পুলিশকর্মীদের শ্লীলতাহানির চেষ্টাসহ একাধিক অভিযোগ উঠেছে। ঘটনার সময় ডেরেক ও’ব্রায়েন ওই দপ্তরে উপস্থিত ছিলেন বলেই জানা গিয়েছে।

এই ঘটনায় ইতিমধ্যেই শেক্সপিয়র সরণি থানায় তিনটি পৃথক এফআইআর রুজু হয়েছে এবং পুলিশ ১৪ জনকে গ্রেপ্তার করেছে। এফআইআরে ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেকের নামও রয়েছে। শনিবার রাতেই অভিষেকের কালীঘাটের বাসভবনে গিয়ে তাঁকে ১ সেপ্টেম্বর বেলা ১২টায় হাজিরা দেওয়ার নির্দেশমূলক নোটিস দিয়ে এসেছে পুলিশ। এবার একই মামলায় জিজ্ঞাসাবাদের মুখে রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রায়েন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *