মৃত্যুমিছিল নেপালে: আকাশ থেকে নামছে উদ্ধারকারী, নদীতে ভাসছে একের পর এক লাশ

হড়পা বানের ভয়াবহ তাণ্ডবে তছনছ পুরো নেপাল। চারদিকে শুধুই ভেঙে পড়া ঘরবাড়ি, কাদায় আটকে থাকা যানবাহন আর নদীর জলে ভেসে যাওয়া লাশের পর লাশ। বিপর্যয়ের পর তিন দিন পার হয়ে গেলেও নেপালের পরিস্থিতি অত্যন্ত আশঙ্কাজনক। দ্রুত গতিতে বাড়ছে মৃতের সংখ্যা, আর নিখোঁজ রয়েছেন হাজার হাজার মানুষ।
হেলিকপ্টার থেকে উদ্ধারকার্য চালানোর সময় পাইলট বিবেক খাড়কা যে দৃশ্য ক্যামেরাবন্দি করেছেন, তা নেটপাড়ায় আলোড়ন সৃষ্টি করেছে। দ্য কাঠমান্ডু পোস্ট-এর শেয়ার করা সেই ভিডিয়োয় দেখা গেছে আকাশ থেকে চালক বিবেক আশার আলো খুঁজছেন—যদি একটাও জীবিত মানুষকে বাঁচানো যায়। কিন্তু ত্রিমুর এলাকায় উদ্ধারকাজ চালানের সময় তাঁর নজরে আসছে শুধু বিভীষিকা আর ধ্বংসস্তূপ। পরিস্থিতি দেখে অনেকেরই মনে পড়ে যাচ্ছে প্রলয়ঙ্করী ছবি ‘2012’-এর ভয়াবহ দৃশ্যের কথা।
পাইলট বিবেকের কথায়, “এই মুহূর্তে জীবিত মানুষদের খুঁজে বের করার পাশাপাশি মৃতদেহগুলো সঠিকভাবে উদ্ধার করা আমাদের প্রধান চ্যালেঞ্জ।” তবে উদ্ধারকাজে বাধা হয়ে দাঁড়াচ্ছে প্রয়োজনীয় সামগ্রীর অভাব। দুর্গম বন্যাকবলিত এলাকাগুলোতে মৃতদেহ বহনের জন্য বডি ব্যাগ, প্লাস্টিকের শিট এবং পিপিই (PPE) কিটের জরুরি প্রয়োজন।
পরপর হড়পা বানের আশঙ্কা এবং স্থলপথ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাওয়ার কারণে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে ত্রাণ পৌঁছানো ও উদ্ধারের একমাত্র ভরসা এখন হেলিকপ্টার। তবে প্রতিকূল আবহাওয়া ও পাহাড়ি ভৌগোলিক অবস্থানের কারণে আকাশপথেও উদ্ধার অভিযান চালাতে হিমশিম খাচ্ছে উদ্ধারকারী দল। হড়পা বানের এই ধ্বংসলীলা পুরো নেপালকে এক অসীম অনিশ্চয়তার মুখে ঠেলে দিয়েছে।