মৃত্যুর সঙ্গে ৫ মিনিটের ব্যবধান! নেপালের ভয়াবহ হড়পা বান থেকে অলৌকিকভাবে প্রাণ বাঁচল বাঙালি পুণ্যার্থীদের

মৃত্যুর সঙ্গে ৫ মিনিটের ব্যবধান! নেপালের ভয়াবহ হড়পা বান থেকে অলৌকিকভাবে প্রাণ বাঁচল বাঙালি পুণ্যার্থীদের

মাত্র কয়েক মিনিটের ব্যবধানে বদলে যেতে পারত জীবনের হিসাব। নেপালের ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয় ও ভয়ংকর হড়পা বাণের হাত থেকে অলৌকিকভাবে প্রাণ বাঁচিয়ে অক্ষত অবস্থায় দেশে ফিরেছেন বর্ধমানের বিপ্লব হাজরাসহ পশ্চিমবঙ্গের ২২ জন পুণ্যার্থী। সামান্য ভিসা পেতে দেরি হওয়াটাই যে তাঁদের জীবনে আশীর্বাদ হয়ে দেখা দেবে, তা তাঁরা কল্পনাও করতে পারেননি।

গত ২১ আগস্ট কৈলাস-মানস সরোবর যাত্রার উদ্দেশ্যে রওনা দিয়েছিল ৫২ জন পুণ্যার্থীর একটি বিশেষ দল। পরিকল্পনা অনুযায়ী কাঠমান্ডু হয়ে এগোনের কথা থাকলেও ভিসা সংক্রান্ত জটিলতায় ২৪ ও ২৫ আগস্ট তাঁদের কাঠমান্ডুতেই আটকে থাকতে হয়। অবশেষে ২৬ আগস্ট ভিসা হাতে পেয়ে তাঁরা গন্তব্যের দিকে যাত্রা শুরু করেন।

যাত্রাপথে এক অভিজ্ঞ বাঙালি গাইডের তৎপরতায় নিশ্চিত বিপদের হাত থেকে রক্ষা পায় দলটি। গাইড সঠিক সময়ে গাড়ি থামানোর নির্দেশ দেওয়ায় পুণ্যার্থীরা একটি সেতুর কাছে দাঁড়িয়ে পড়েন। আর তার ঠিক ৫ থেকে ৬ মিনিট পরেই সেই সেতু ও সংলগ্ন এলাকায় নেমে আসে তাণ্ডব—পাহাড় ধসে পড়া, উপড়ে আসা গাছপালা এবং কাদাজলের তীব্র স্রোতে লণ্ডভণ্ড হয়ে যায় চারপাশ।

চোখের সামনে সেই বীভৎস ধ্বংসলীলা দেখেও ভাগ্যের জোরে এবং স্থানীয় প্রশাসন ও পুলিশের সহায়তায় তাঁরা নিরাপদে রক্ষা পান। রবিবার ভোরে মিথিলা এক্সপ্রেসে চড়ে বর্ধমানে ফেরেন বিপ্লববাবু ও তাঁর সঙ্গীরা। চরম আতঙ্কের দিনগুলো পেরিয়ে সুস্থ দেহে বাড়ি ফিরে এখন কেবল ঈশ্বর ও নিজেদের ভাগ্যের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছেন তাঁরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *