২৬ হাজার শিক্ষক নিয়োগে ফের বড় ধাক্কা: মে পর্যন্ত সময় চেয়ে শীর্ষ আদালতে রাজ্য ও SSC

২৬ হাজার শিক্ষক নিয়োগে ফের বড় ধাক্কা: মে পর্যন্ত সময় চেয়ে শীর্ষ আদালতে রাজ্য ও SSC

বহুল চর্চিত ২৬ হাজার শিক্ষক নিয়োগপ্রক্রিয়া কি আবারও পিছোতে চলেছে? সুপ্রিম কোর্টের বেঁধে দেওয়া সময়সীমা পার হওয়ার আগেই চূড়ান্ত প্যানেল প্রকাশের জন্য আরও সময় চাইল রাজ্য সরকার ও স্কুল সার্ভিস কমিশন (SSC)। নিয়োগপ্রক্রিয়া সম্পন্ন করতে আগামী মে মাস পর্যন্ত (প্রায় আট মাস) অতিরিক্ত সময় চেয়ে শীর্ষ আদালতে আবেদন জানিয়েছে কমিশন। বিচারপতি সঞ্জয় কুমার ও সচিন সচদেবার এজলাসে সোমবারই এই মামলার গুরুত্বপূর্ণ শুনানি হতে চলেছে।

কমিশনের দাবি, মূল নিয়োগপ্রক্রিয়া দীর্ঘায়িত হওয়ার নেপথ্যে একাধিক প্রযুক্তিগত ও প্রশাসনিক প্রতিবন্ধকতা রয়েছে:

  • ‘অ্যানসার কি’ বিতর্ক: নতুন শিক্ষক পরীক্ষার উত্তরপত্র সংক্রান্ত প্রায় ১ লক্ষ ২৯ হাজার অভিযোগ জমা পড়েছে, যা খতিয়ে দেখতে গঠন করতে হয়েছে বিশেষ রিভিউ কমিটি।
  • OMR স্ক্যানিং জটিলতা: ৫ লক্ষেরও বেশি OMR শিট স্ক্যানিংয়ের সময় বড়সড় যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় প্রতিটি শিট তিনবার করে পরীক্ষা করতে হচ্ছে।
  • প্রশাসনিক সংকট: বিধানসভা নির্বাচনের মুখে SSC চেয়ারম্যান ও পাঁচটি জোনের দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের পদত্যাগের ফলে কাজ থমকে যায়।
  • OBC সংরক্ষণ জট: হাইকোর্টের ওবিসি শংসাপত্র বাতিলের রায়ের পর নিয়োগে সংরক্ষণের নিয়ম কীভাবে কার্যকর হবে, তা নিয়ে রাজ্যের সিদ্ধান্তের অপেক্ষায় কমিশন।

অবশ্য আইনি জটের মধ্যেও কিছু ক্ষেত্রে অগ্রগতি হয়েছে বলে জানিয়েছে SSC। একাদশ-দ্বাদশের ৩৩টি বিষয়ের মধ্যে ২১টির কাউন্সেলিং শেষ করে ৩,৫৮৬ জনের প্যানেল চূড়ান্ত ও সুপারিশ করা হয়েছে। পাশাপাশি নবম-দশমের ইন্টারভিউ তালিকাও তৈরি।

তবে সমস্ত জটিলতা কাটিয়ে হাজার হাজার চাকরিপ্রার্থীর মুখে শেষ পর্যন্ত হাসি কবে ফুটবে, তা অনেকটাই নির্ভর করছে সোমবারে সুপ্রিম কোর্টের সিদ্ধান্তের ওপর।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *