‘ফ্লপ মাস্টার’ থেকে কোটি কোটি মানুষের আবেগ! ‘মন কি বাত’-এ উত্তম-স্মরণে প্রধানমন্ত্রী

‘ফ্লপ মাস্টার’ থেকে কোটি কোটি মানুষের আবেগ! ‘মন কি বাত’-এ উত্তম-স্মরণে প্রধানমন্ত্রী

বাংলার মহানায়ক উত্তম কুমারের জন্মশতবর্ষ উদযাপনের প্রাক্কালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন। রবিবার জনপ্রিয় রেডিও অনুষ্ঠান ‘মন কি বাত’-এর ১৩৭তম পর্বে মহানায়কের অভিনয় প্রতিভা, সত্যজিৎ রায়ের সঙ্গে তাঁর সৃষ্টিশীল রসায়ন এবং জীবনসংগ্রামের কথা স্মরণ করেন তিনি।

অনুষ্ঠানে কলকাতার একটি বিশেষ স্মৃতির কথা তুলে ধরে প্রধানমন্ত্রী জানান, কলকাতায় এক রোড শো চলাকালীন কাকতালীয়ভাবে তিনি উত্তম কুমারের বাসভবনের পাশ দিয়ে গিয়েছিলেন। সেই সময় এক অনুরাগী তাঁকে মহানায়কের একটি বিশেষ ছবি উপহার দেন, যা আজও তাঁর স্মৃতিতে অমলিন। মোদীর মতে, উত্তম কুমার শুধু একজন অভিনেতাই ছিলেন না, তিনি কোটি কোটি মানুষের আবেগ। রোম্যান্টিক নায়কের গণ্ডি ছাড়িয়ে যেকোনো চরিত্রে নিজেকে খাপ খাইয়ে নেওয়ার অসাধারণ ক্ষমতা ছিল তাঁর। বিশেষ করে সত্যজিৎ রায়ের কালজয়ী চলচ্চিত্র ‘নায়ক’-এর প্রসঙ্গ টেনে মোদী বলেন, সিনেমাপ্রেমীদের বিশ্বাস—পরিচালক স্বয়ং উত্তম কুমারকে কেন্দ্র করেই ওই ছবির চিত্রনাট্য তৈরি করেছিলেন।

পাশাপাশি, মহানায়কের ক্যারিয়ারের শুরুর দিকের কঠিন লড়াইয়ের কথাও মনে করিয়ে দেন প্রধানমন্ত্রী। পরপর কয়েকটি ছবি বক্স অফিসে ব্যর্থ হওয়ায় একসময় তাঁকে ‘ফ্লপ মাস্টার জেনারেল’ বলে কটাক্ষ সইতে হয়েছিল। তবে সেই সমালোচনায় দমে না গিয়ে কঠোর পরিশ্রম ও অধ্যবসায়ের জোরেই তিনি সাফল্যের শিখরে পৌঁছান। ব্যর্থতাকে জয় করে কীভাবে নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে হয়, উত্তম কুমারের জীবন থেকে আজকের তরুণ প্রজন্মের সেটাই সবচেয়ে বড় শিক্ষা হওয়া উচিত বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *