“প্রশ্ন করা অবাধ্যতা নয়, গণতন্ত্রের শক্তি!” বিশ্ববিদ্যালয়ে পড়ুয়াদের বাক্স্বাধীনতার পক্ষে সুপ্রিম কোর্টের ঐতিহাসিক বার্তা

বিশ্ববিদ্যালয় চত্বরে মতভেদ বা কর্তৃপক্ষের বিরুদ্ধে প্রশ্ন তোলা কোনো অবাধ্যতা নয়, বরং তা সুস্থ গণতন্ত্রের অন্যতম প্রধান লক্ষণ—এমনই গুরুত্বপূর্ণ মন্তব্য করলেন সুপ্রিম কোর্টের বিচারপতি উজ্জ্বল ভুইয়াঁ। সম্প্রতি দিল্লির ন্যাশনাল ল’ ইউনিভার্সিটির ১৩তম সমাবর্তন অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি সাফ জানিয়ে দেন, ভিন্নমত পোষণের কারণে কোনো শিক্ষার্থীকে শাস্তির ভয় দেখানো ক্ষমতার অপব্যবহার এবং পুরোপুরি অসাংবিধানিক।
স্নাতকোত্তর পড়ুয়াদের উদ্দেশে বিচারপতি বলেন, বিশ্ববিদ্যালয় হলো মুক্ত চিন্তার কেন্দ্রস্থল। এখানে প্রচলিত চিন্তাধারাকে প্রশ্ন করা এবং যুক্তি দিয়ে তার বিরোধিতা করার পূর্ণ স্বাধীনতা থাকা উচিত। ছাত্রদের কণ্ঠরোধ করা অগণতান্ত্রিক মানসিকতার বহিঃপ্রকাশ। যে সমাজে শিক্ষার্থীরা কঠিন প্রশ্ন তুলতে ভয় পায় না, সেটাই একটি প্রগতিশীল সমাজের পরিচয়।
বুদ্ধ ও মহাত্মা গান্ধীর দেশের উদাহরণ টেনে তিনি স্মরণ করিয়ে দেন, অসহিষ্ণুতা এক ধরনের হিংসা। অন্যের মতকে দমন করার চেষ্টা সংবিধান প্রদত্ত স্বাধীনতাকেই দুর্বল করে দেয়। মতপার্থক্যকে মান্যতা দিয়ে একসঙ্গে এগিয়ে চলার সংস্কৃতিই একটি প্রকৃত উদার গণতান্ত্রিক সমাজ গড়ে তুলতে পারে বলে তিনি জানান।