একাই লড়বে পদ্মশিবির! কলকাতা পুরভোটে প্রার্থী হওয়ার জন্য কোন শর্তে মিলবে টিকিট? সাফ জানালেন সুকান্ত

সামনেই কলকাতা পুরসভা নির্বাচন।এই নির্বাচনে কোনও জোট নয়, একাই লড়ার সিদ্ধান্ত নিয়েছে বিজেপি। দলের কলকাতা পুরভোটের ইনচার্জ তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার স্পষ্ট করে দিয়েছেন যে, প্রার্থীর বিজয়ী হওয়ার ক্ষমতাই হবে টিকিট পাওয়ার একমাত্র মাপকাঠি। রবিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, প্রার্থীর রাজনৈতিক কেরিয়ার কতদিনের বা তিনি কতটা পুরনো তা নির্বাচনের ক্ষেত্রে মোটেও গুরুত্ব পাবে না। স্থানীয় নির্বাচনে প্রার্থীর স্বচ্ছ ভাবমূর্তি, এলাকায় জনপ্রিয়তা এবং সাধারণ মানুষের সঙ্গে নিবিড় যোগাযোগ রয়েছে কি না, সেটাই পুঙ্খানুপুঙ্খভাবে খতিয়ে দেখা হবে। পুরভোটে পুরনো ও নতুনের মিশেল ঘটলেও দিনশেষে যাঁর জেতার ক্ষমতা রয়েছে, তাঁকেই প্রার্থী হিসেবে বাছা হবে বলে জানিয়েছেন তিনি।
আসন্ন কলকাতা ও হাওড়া পুরনিগম নির্বাচনকে পাখির চোখ করে ঘুঁটি সাজাতে শুরু করেছে রাজ্য বিজেপি নেতৃত্ব। দলীয় সূত্রে খবর, সম্ভাব্য নির্বাচনী পরিস্থিতি, ওয়ার্ডভিত্তিক সাংগঠনিক শক্তি এবং বুথস্তরের প্রস্তুতি খতিয়ে দেখতে উত্তর ও দক্ষিণ কলকাতার বিধায়কদের সঙ্গে দফায় দফায় বৈঠক করছেন কেন্দ্রীয় পর্যবেক্ষক সুনীল বনসল ও সুকান্ত মজুমদাররা। এদিকে, রাজ্য সরকারও কলকাতা ও হাওড়া পুরনিগম নির্বাচনকে সামনে রেখে ওয়ার্ড পুনর্বিন্যাসের জন্য আইন সংশোধনের পথে হেঁটেছে।প্রস্তাবিত এই নতুন কাঠামো কার্যকর হলে কলকাতা পুরসভার ওয়ার্ড সংখ্যা ১৪৪ থেকে বেড়ে ২০৯টি হবে।এখনও ভোটের দিনক্ষণ নিয়ে সরকারি ঘোষণা না হলেও, বুথস্তরে সংগঠনকে মজবুত করে ময়দানে নামার প্রস্তুতি পুরোদমে শুরু করে দিয়েছে গেরুয়া শিবির।