“সমবায়ই চতুর্থ স্তম্ভ, অবহেলার দিন শেষ”: ১৫ বছরের তৃণমূল রাজকে বিঁধে শিল্প ও কর্মসংস্থানের নতুন রূপরেখা শুভেন্দুর

“সমবায়ই চতুর্থ স্তম্ভ, অবহেলার দিন শেষ”: ১৫ বছরের তৃণমূল রাজকে বিঁধে শিল্প ও কর্মসংস্থানের নতুন রূপরেখা শুভেন্দুর

রাজ্যে সমবায় আন্দোলনকে শক্তিশালী করতে এবং একে সম্পূর্ণ রাজনৈতিক প্রভাবমুক্ত রাখার কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সোমবার উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রামে ‘উত্তর ২৪ পরগনা মহিলা সমবায় ক্রেডিট সোসাইটি লিমিটেড’-এর ৩৫তম প্রতিষ্ঠা দিবসে বক্তব্য রাখতে গিয়ে তিনি স্পষ্ট জানান, সমবায় ব্যবস্থা সঠিক পথে পরিচালিত হলে রাজ্যে কর্মসংস্থান, নারী ক্ষমতায়ন ও শিল্পোন্নয়নের এক নতুন দিগন্ত খুলে যাবে।

মঞ্চ থেকে সমবায় ক্ষেত্রের বর্তমান করুণ পরিস্থিতির খতিয়ান তুলে ধরে মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যজুড়ে ৬ হাজারের বেশি সমবায় সমিতির মধ্যে প্রায় ২ হাজারই এখন নিষ্ক্রিয়। এমনকি গত ১২ বছর ধরে রাজ্য সমবায় ব্যাঙ্কের নির্বাচন পর্যন্ত আটকে রয়েছে। এই পরিস্থিতির জন্য পূর্ববর্তী তৃণমূল সরকারকে তীব্র আক্রমণ করে তিনি অভিযোগ করেন, গত ১৫ বছর ধরে বাংলায় সমবায় আন্দোলনকে চরম অবহেলা করা হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের আমলে একনায়কতন্ত্র চলত উল্লেখ করে শুভেন্দু বলেন, “আগে একজনের কথাই শেষ কথা ছিল, কেউ ভিন্নমত প্রকাশ করলেই চাপিয়ে দেওয়া হতো। কিন্তু আমি নিজে সবার থেকে শিখতে আগ্রহী।”

শিল্পের বিকাশ ও কর্মসংস্থান তৈরিতে সমবায় ব্যবস্থার ভূমিকার কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি ‘আমূল’-এর দৃষ্টান্ত দেন। সাঁকরাইলে ৬০০ কোটি টাকার বিনিয়োগে দই তৈরির কারখানার পাশাপাশি দক্ষিণ ও উত্তরবঙ্গে আইসক্রিম কারখানার জন্য আমূলকে ১৫ একর করে জমি দেওয়ার প্রস্তাবের কথা জানান তিনি। কাঁথি কো-অপারেটিভ ব্যাঙ্কের প্রাক্তন চেয়ারম্যান হিসেবে নিজের দীর্ঘ অভিজ্ঞতার কথা উল্লেখ করে শুভেন্দু অধিকারীর দাবি, কেন্দ্র, রাজ্য ও স্থানীয় প্রশাসনের পর সমবায়ই হলো শাসন ব্যবস্থার ‘চতুর্থ স্তম্ভ’। রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধ হলে এই ক্ষেত্র সাধারণ মানুষের স্বার্থে আরও কার্যকর ভূমিকা পালন করবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *