মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইঝির রহস্যমৃত্যু, রামপুরহাটের বাড়ি থেকে উদ্ধার ২৮ বছরের বৃষ্টির ঝুলন্ত দেহ

মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইঝির রহস্যমৃত্যু, রামপুরহাটের বাড়ি থেকে উদ্ধার ২৮ বছরের বৃষ্টির ঝুলন্ত দেহ

বীরভূমের রামপুরহাটে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মামাতো ভাই নীহার মুখোপাধ্যায়ের মেয়ে বৃষ্টি মুখোপাধ্যায়ের (২৮) ঝুলন্ত দেহ উদ্ধারকে কেন্দ্র করে চরম চাঞ্চল্য ছড়িয়েছে। মঙ্গলবার কুসুম্বা গ্রামে নিজের বাপের বাড়ির দোতলার ঘর থেকে তাঁর অস্বাভাবিক মৃত্যুর ঘটনাটি সামনে আসে। খবর পেয়ে রামপুরহাট থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে এবং একটি উচ্চপর্যায়ের তদন্ত শুরু করেছে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কৌশিক ঘটক নামে এক যুবকের সঙ্গে বিয়ে হয়েছিল বৃষ্টির এবং তাঁদের একটি সন্তানও রয়েছে। তবে গত দু’বছরেরও বেশি সময় ধরে তিনি স্বামীর থেকে আলাদা হয়ে বাপের বাড়িতেই থাকছিলেন। বর্তমানে তাঁদের বিবাহবিচ্ছেদের মামলা চলছিল। শুধু তাই নয়, প্রাথমিকে বেআইনিভাবে চাকরি পাওয়ার অভিযোগে প্রায় এক বছর আগে চাকরিও হারান তিনি। পরিবারের সদস্যদের দাবি, বিভিন্ন কারণে তিনি প্রায় ৪-৫ বছর ধরে মারাত্মক মানসিক অবসাদে ভুগছিলেন এবং তাঁর চিকিৎসাও চলছিল।

রামপুরহাটের সাবেক তৃণমূল বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর রেশ কাটতে না কাটতেই এই ঘটনায় এলাকায় শোক ও রহস্যের ছায়া নেমে এসেছে। দীর্ঘদিনের মানসিক অবসাদ, চাকরি হারানো ও পারিবারিক কলহের কারণেই এই চরম পদক্ষেপ কি না, নাকি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে—তা খতিয়ে দেখছে পুলিশ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *