মোদি-পেজেসকিয়ান বৈঠকেই তেড়েফুঁড়ে উঠল আমেরিকা! তেহরানকে কোন বড় বার্তা দিল ওয়াশিংটন?

কিরঘিস্তানে ২৬তম এসসিও সম্মেলনের ফাঁকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেসকিয়ানের মধ্যকার দ্বিপাক্ষিক বৈঠক নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। সম্প্রতি মার্কিন সংবাদমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে বিদেশসচিব মার্কো রুবিও স্পষ্ট ভাষায় জানিয়েছেন, কোনো দেশেরই উচিত নয় ইরানকে নিষেধাজ্ঞা এড়াতে কিংবা অর্থ উপার্জনে সহায়তা করা। তেহরান সেই অর্থ ব্যবহার করে যাতে পারমাণবিক অস্ত্র তৈরি এবং সন্ত্রাসবাদে মদত দিতে না পারে, সে বিষয়ে ওয়াশিংটন সতর্ক রয়েছে। যেসব দেশ নিষেধাজ্ঞা এড়াতে ইরানকে সাহায্য করবে, তাদের উপরও কড়া নিষেধাজ্ঞা জারির হুশিয়ারি দিয়েছেন তিনি। তবে নয়াদিল্লি ও তেহরানের মধ্যে নতুন কোনো বাণিজ্যচুক্তির জল্পনা জোরালোভাবে খারিজ করে দিয়েছেন মার্কিন বিদেশসচিব।
২৮ ফেব্রুয়ারি সংঘাত শুরুর পর এটিই ছিল দুই নেতার প্রথম উচ্চপর্যায়ের বৈঠক। ইরানের আধা-সরকারি সংবাদসংস্থা তাসনিম সূত্রে জানা যায়, বৈঠকে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট ক্ষেত্রে যৌথ সহযোগিতা জোরদার করার ওপর বিশেষ জোর দেওয়া হয়। মধ্যপ্রাচ্যের নিরাপত্তা, শান্তি এবং অর্থনৈতিক অংশীদারত্ব নিয়ে আলোচনা হলেও মার্কিন তির্যক মন্তব্যে আন্তর্জাতিক রাজনীতিতে নতুন সমীকরণের ইঙ্গিত মিলছে।