হাওড়ার অর্ধেক ওয়ার্ড জলমগ্ন, বাড়ছে ডেঙ্গি আতঙ্ক

হাওড়ার অর্ধেক ওয়ার্ড জলমগ্ন, বাড়ছে ডেঙ্গি আতঙ্ক

সোমবার থেকে টানা বৃষ্টির জেরে হাওড়া পুরসভার ৫০টি ওয়ার্ডের মধ্যে কমপক্ষে ২৫টি ওয়ার্ড জলমগ্ন হয়ে পড়েছে। মধ্য হাওড়ার কদমতলা, টিকিয়াপাড়া, উত্তর হাওড়ার সালকিয়া, ঘুসুড়ি ছাড়াও রামরাজাতলা, দাশনগর এবং লিলুয়ার মতো বিস্তীর্ণ এলাকায় জল জমে রয়েছে। বহু নিচু এলাকায় জল মানুষের হাঁটু থেকে কোমর সমান পর্যন্ত উঠেছে। নোংরা জল ঘরে ঢুকে পড়ায় চরম দুর্ভোগের শিকার স্থানীয় বাসিন্দারা। অনেকে ঘরের নিচুতলার জিনিসপত্র ওপরে সরিয়ে নিয়েছেন বা বাড়ি তালাবন্ধ করে আত্মীয়ের বাড়িতে আশ্রয় নিয়েছেন। জলমগ্ন বাড়িগুলিতে রান্নাবান্না বন্ধ থাকার পাশাপাশি তীব্র পানীয় জলের সংকট দেখা দিয়েছে।

পরিস্থিতি সামাল দিতে পুরসভার পক্ষ থেকে অতিরিক্ত পাম্প লাগিয়ে জল নিষ্কাশনের চেষ্টা চলছে এবং দুর্গত এলাকায় পানীয় জলের পাউচ ও শুকনো খাবার পাঠানো হচ্ছে। হাওড়া পুরসভার কমিশনার তেজস্বী রানা জানান, জল দ্রুত নামানোর কাজ চলছে। রাজ্যের পুর ও নগরোন্নয়ন দপ্তরের প্রতিমন্ত্রী উমেশ রাই জানিয়েছেন, হাওড়ার নিকাশি ব্যবস্থা উন্নত করতে আগামী বছর থেকেই মাস্টার প্ল্যানের কাজ শুরু হবে এবং আগামী পাঁচ বছরের মধ্যে শহরে আর জল জমার সমস্যা থাকবে না।

এদিকে, দীর্ঘক্ষণ জল জমে থাকায় ডেঙ্গি নিয়ে উদ্বেগ বাড়ছে। পরিস্থিতি মোকাবিলায় মন্ত্রী উমেশ রাই ও কমিশনার তেজস্বী রানার নেতৃত্বে কদমতলা বাজারে স্বাস্থ্যকর্মীরা স্বচ্ছতা অভিযান চালান। ফগিং ও মশার লার্ভা মারতে তেল স্প্রে করা হয়েছে। মন্ত্রী স্পষ্ট জানিয়েছেন, যত্রতত্র জঞ্জাল ফেললে কঠোর আর্থিক জরিমানা করা হবে এবং ইতিমধ্যে বুধবার অনলাইনে ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *