পচা মাংস ও বিষাক্ত রঙে ছড়াচ্ছে ক্যানসার! খাদ্য নিরাপত্তার অভিযানের পর তীব্র উদ্বেগে দেশবাসী

পশ্চিমবঙ্গ সরকারের খাদ্য নিরাপত্তা সপ্তাহের বিশেষ অভিযানে রাজ্যজুড়ে উঠে এসেছে চাঞ্চল্যকর দৃশ্য। বিভিন্ন নামী রেস্তোরাঁ ও দোকানে মিলছে ছত্রাক পড়া বাসি মাংস এবং বিষাক্ত শিল্পজাত রঙ। বিশেষজ্ঞরা সতর্ক করে জানিয়েছেন, ফল-সবজিতে কীটনাশক, মাংসে ক্ষতিকর রাসায়নিক এবং খাবারে নিষিদ্ধ রঙ ব্যবহারের কারণে মানুষের শরীরে ক্যানসার, কিডনি, লিভার ও স্নায়ুর জটিল সমস্যা তৈরি হচ্ছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, দূষিত খাবারের কারণে প্রতি বছর বিশ্বজুড়ে প্রায় ৬০ কোটি মানুষ অসুস্থ হন এবং ৪.২ লক্ষ মানুষের মৃত্যু ঘটে। চিকিৎসকদের মতে, ভেজাল রঙ কোষের অনিয়ন্ত্রিত বৃদ্ধি ঘটিয়ে ক্যানসারের ঝুঁকি বাড়ায়।
অন্যদিতে পচা ও বাসি প্রোটিন জাতীয় খাবার গ্রহণ করলে খাদ্যে ব্যাকটেরিয়া ছড়িয়ে পেটে ব্যথা, বমি ও ডায়রিয়ার মতো মারাত্মক প্রতিক্রিয়া দেখা দিতে পারে। এছাড়া কৃত্রিম রঙ থেকে শরীরে তীব্র অ্যালার্জি ও ত্বকের চুলকানি হওয়া অত্যন্ত স্বাভাবিক। পুষ্টিবিদ ও স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, এই ভেজাল উপাদান শিশুদের স্বাভাবিক শারীরিক বৃদ্ধি ও বিকাশকে গুরুতরভাবে ব্যাহত করে। খাদ্যে অনিয়মের বিরুদ্ধে প্রশাসনের এমন কঠোর পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। ভবিষ্যৎ প্রজন্মকে সুরক্ষিত রাখতে এবং ভেজালের শিকড় উপড়ে ফেলতে তাঁরা দেশজুড়ে টানা এই ধরনের অভিযান চালিয়ে যাওয়ার জোর দাবি জানিয়েছেন।