কথা শুনছে না সন্তান? বকাঝকা নয়, ৪টি কৌশল ব্যবহারে নিমেষেই দূর হবে তর্কের অভ্যাস!

আজকাল প্রায় প্রতিটি পরিবারেই একটি সাধারণ সমস্যা হয়ে দাঁড়িয়েছে শিশুদের মুখে মুখে তর্ক করার অভ্যাস। সন্তানকে সামান্য কিছু বললেই উল্টো জবাব দেওয়া বা চিৎকার করার প্রবণতা দেখা যায়। তবে এই পরিস্থিতিতে রেগে গিয়ে বকাঝকা বা মারধর করলে হিতে বিপরীত হতে পারে এবং এতে শিশু আরও জেদি হয়ে ওঠে। তাই বিশেষজ্ঞদের মতে, এই সময় মাথা ঠান্ডা রেখে বুদ্ধিদীপ্ত কৌশলে বাচ্চাকে বোঝানোই সবচেয়ে শ্রেয়। সন্তানকে বকা না দিয়ে কিছু কৌশল অবলম্বন করলে সহজেই তাকে সম্মান, ভদ্রতা ও আত্মনিয়ন্ত্রণের পাঠ দেওয়া সম্ভব।
প্রথমত, সন্তানকে থামিয়ে না দিয়ে বলুন, “আমি তোমার কথা শুনেছি, এবার তুমি আমারটা শোনো।” এতে সে বুঝবে সম্মান উভয় তরফেরই হওয়া উচিত। দ্বিতীয়ত, নিজের অনুভূতির কথা প্রকাশ করে বলুন, “এভাবে বললে আমার খারাপ লাগে।” এটি সন্তানের মধ্যে অনুভূতির বিকাশ ঘটায়। তৃতীয়ত, খারাপ ব্যবহারে শাস্তি না দিয়ে তাকে দ্বিতীয় সুযোগ দিন এবং বলুন, “কথাটা আরেকবার সুন্দর করে বলো।” চতুর্থত, পরিস্থিতি উত্তপ্ত দেখলে বিরতি নিয়ে বলুন, “চলো, ১০ মিনিট পর ঠান্ডা মাথায় কথা বলি।” এতে শিশু নিজের রাগ নিয়ন্ত্রণ করতে শিখবে।