রাতে ইউপিআই স্তব্ধ হওয়ার আশঙ্কা! এই ৪৫ মিনিট পেমেন্ট আটকাবে না স্রেফ ১টি ভুলেই

আজ ৪ সেপ্টেম্বর মাঝরাতে ব্যাঙ্ক পরিষেবায় এক বড়সড় সাময়িক ব্যাঘাত ঘটতে চলেছে। স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া (SBI)-এর অফিশিয়াল বিজ্ঞপ্তি অনুযায়ী, রক্ষণাবেক্ষণ বা মেনটেন্যান্সের কাজের জন্য রাত ১২টা ১৫ মিনিট থেকে ১টা পর্যন্ত টানা ৪৫ মিনিট সম্পূর্ণ বন্ধ থাকবে এসবিআই-এর ইউপিআই (UPI) লেনদেন। ফলে ওই নির্দিষ্ট সময়সীমায় সাধারণ ইউপিআই পেমেন্ট, কিউআর কোড স্ক্যান কিংবা টাকা ট্রান্সফার করা যাবে না। রাতজাগা গ্রাহক বা জরুরি প্রয়োজনে কেনাকাটার ক্ষেত্রে পেমেন্ট আটকে ভোগান্তি এড়াতে গ্রাহকদের আগেভাগেই বিকল্প ব্যবস্থার প্রস্তুতি নিয়ে রাখার পরামর্শ দেওয়া হচ্ছে।
তবে এই জরুরি পরিস্থিতেও সাধারণ মানুষের স্বস্তির খবর নিয়ে এসেছে ইউপিআই লাইট (UPI Lite) পরিষেবা। মেনটেন্যান্স চলাকালীন মূল ইউপিআই পরিষেবা বন্ধ থাকলেও সম্পূর্ণ সচল থাকবে ইউপিআই লাইট। এতে পিন ছাড়াই একবারে সর্বোচ্চ ১,০০০ টাকা এবং দিনে মোট ১০,০০০ টাকা পর্যন্ত লেনদেন করা যাবে, যেখানে ওয়ালেটে ব্যালেন্স রাখা সম্ভব ৫,০০০ টাকা পর্যন্ত। অন্যদিকে, এসবিআই-এর সাধারণ ইউপিআই লেনদেনের দৈনিক সীমা ১ লক্ষ টাকা হলেও আইপিও, কর, হাসপাতাল ও শিক্ষা প্রতিষ্ঠানের মতো ক্ষেত্রে এই সীমা সর্বোচ্চ ৫ লক্ষ টাকা। সম্ভাব্য যেকোনো জরুরি পেমেন্টের সমস্যা এড়াতে নির্ধারিত সময়ের আগে লেনদেন সেরে রাখা অথবা ওয়ালেটে টাকা প্রস্তুত রাখা বুদ্ধিমানের কাজ হবে।