ইতিহাসের পাতায় ইতিহাস! ইটালিতে মোদির ‘খাস বন্ধু’ মেলোনির মহানজির, অভিনন্দন জানিয়ে আবেগঘন বার্তা প্রধানমন্ত্রীর

দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর ইটালির রাজনৈতিক অস্থিরতার ইতিহাস বদলে এক নতুন অধ্যায়ের সূচনা করলেন সেদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। টানা ১৪১৩ দিন প্রধানমন্ত্রীর দায়িত্বে থেকে সিলভিও বেরলুচোনির ১৪১২ দিনের রেকর্ড ভেঙে দেশটির ইতিহাসে দীর্ঘতম মেয়াদের রাষ্ট্রপ্রধান হওয়ার নজির গড়েছেন তিনি। যুদ্ধপরবর্তী সময়ে ৬৮টি সরকারের রদবদল দেখা ইটালিতে মেলোনির এই অভূতপূর্ব স্থায়িত্ব ও সাফল্য বিশ্ব রাজনীতিতে তাঁর জনপ্রিয়তারই প্রমাণ দেয়।
আন্তর্জাতিক আঙিনায় ইটালির এই ঐতিহাসিক মুহূর্তে বন্ধু মেলোনিকে উষ্ণ অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সোশ্যাল মিডিয়ায় দেওয়া এক বার্তায় মোদি লেখেন, এই অর্জন ইটালির জনগণের তাঁর প্রতি অগাধ আস্থার প্রতীক। ভারত-ইটালির দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করতে মেলোনির বন্ধুত্বের প্রশংসা করে দুই দেশের সমৃদ্ধ ভবিষ্যতের আশাবাদ ব্যক্ত করেন তিনি। কাকতালীয়ভাবে, চলতি বছরেই ভারতে একটানা দীর্ঘতম মেয়াদের নির্বাচিত প্রধানমন্ত্রী হওয়ার নজির গড়েছিলেন মোদি নিজেও।