‘ভারতের কোক স্টুডিওতে সেই জাদু নেই!’, বিস্ফোরক আতিফ আসলাম

পাকিস্তানি গায়ক আতিফ আসলামের সাম্প্রতিক কিছু মন্তব্য ঘিরে নতুন করে শোরগোল শুরু হয়েছে সঙ্গীতজগতে। ভারতীয় শ্রোতাদের কাছে অত্যন্ত জনপ্রিয় এই কণ্ঠশিল্পী সোজাসাপ্টা তুলনা টেনেছেন ‘কোক স্টুডিও পাকিস্তান’ এবং ‘কোক স্টুডিও ভারত’-এর মধ্যে। তাঁর স্পষ্ট দাবি, সুরের দিক থেকে দুটিই ভালো হলেও পাকিস্তানি সংস্করণে যে শিকড় ও ঐতিহ্যের ছোঁয়া রয়েছে, ভারতীয় সংস্করণে সেই ‘জাদু’ কিছুটা অনুপস্থিত।
এক সাক্ষাৎকারে দুটি প্ল্যাটফর্মের তফাৎ ব্যাখ্যা করতে গিয়ে আতিফ বলেন, “পার্থক্য তৈরি করে সুরের শিকড় এবং শিল্পীদের নিজস্বতার জায়গাটি।” তাঁর মতে, ‘কোক স্টুডিও ভারত’-এ বাণিজ্যিক দিকটিকে বেশি অগ্রাধিকার দেওয়া হয়। অন্যদিকে, পাকিস্তানি সংস্করণে বাণিজ্যিক সাফল্যের চেয়েও শিল্পীদের নিজস্ব স্টাইল, মৌলিকত্ব এবং সাংস্কৃতিক ঐতিহ্যকে বেশি প্রাধান্য দেওয়া হয়। একাধিক শিল্পী একসাথে মিলে স্বকীয়তা বজায় রেখে কাজ করার স্বাধীনতা পান বলেই সেখানে এক আলাদা অনুভূতি তৈরি হয়।
একই সাক্ষাৎকারে নিজেরই গাওয়া অন্যতম হিট বলিউড গান ‘Tere Liye’ নিয়েও আক্ষেপ ও মন্তব্য করতে দেখা গেছে গায়ককে। বাণিজ্যিক ধারার পাশাপাশি সঙ্গীতের নিজস্ব সত্তা ও চরিত্র ধরে রাখার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেছেন আতিফ, যা নিয়ে ইতিমধ্যেই সঙ্গীতপ্রেমীদের মধ্যে শুরু হয়েছে ব্যাপক আলোচনা।