সেনা মহড়ায় চিনা ট্যাঙ্কে বিস্ফোরণ: প্রাণ হারালেন ২ বাংলাদেশি সেনা, আশঙ্কাজনক ১

চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে বাংলাদেশ সেনাবাহিনীর একটি নিয়মিত প্রশিক্ষণ মহড়ায় চিনা প্রযুক্তির ‘টাইপ ৫৯’ (Type 59) ট্যাঙ্কে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এই মর্মান্তিক দুর্ঘটনায় দুই সেনা সদস্য ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছেন এবং এক উচ্চপদস্থ সেনা কর্মকর্তা গুরুতর আহত হয়েছেন।
দুর্ঘটনার পরপরই আহত কর্মকর্তাকে উদ্ধার করে চিকিৎসা দেওয়া হয়। পরবর্তীতে তাঁর শারীরিক অবস্থা বিবেচনায় উন্নত চিকিৎসার জন্য তাঁকে দ্রুত ঢাকার সামরিক হাসপাতালে (সিএমএইচ) স্থানান্তর করা হয়েছে। তবে নিহত ও আহত সেনা সদস্যদের পরিচয় এখনও আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেনি সেনাবাহিনী।
জানা গিয়েছে, অনুশীলনকালে ট্যাঙ্ক থেকে গোলা ছোড়ার ঠিক মুহূর্তটিতেই এই দুর্ঘটনাটি ঘটে। এটি ট্যাঙ্কের কারিগরি কোনো ত্রুটি নাকি গোলাবারুদের সমস্যার কারণে ঘটেছে, তা এখনও স্পষ্ট নয়। ফায়ারিংয়ের সময় ঠিক কী ঘটেছিল এবং দুর্ঘটনার নেপথ্যে কোনো যান্ত্রিক বা অন্য কারণ রয়েছে কি না, তা খতিয়ে দেখতে ইতোমধ্যে উচ্চপর্যায়ের তদন্ত শুরু করেছে বাংলাদেশ সেনাবাহিনী।