সুন্দরবন থেকে কলকাতা: জলবায়ু সুরক্ষায় স্কুলে স্কুলে ক্লাস নিচ্ছেন তরুণ ‘পরিবেশ বন্ধু’ সৌভিক

জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাবে বদলে যাচ্ছে সুন্দরবনের প্রকৃতি ও বাস্তুতন্ত্র। অন্যদিকে কলকাতা ও হাওড়ার বাতাস দিনে দিনে হয়ে উঠছে স্বাস্থ্যহীন। প্রাকৃতিক বিপর্যয় থেকে রক্ষা পেতে এবং আবহাওয়ার পরিবর্তন অনুধাবন করতে সাধারণ মানুষ ও স্কুল পড়ুয়াদের সচেতন করে তোলার উদ্যোগ নিয়েছেন তরুণ ‘পরিবেশ বন্ধু’ সৌভিক চোঙদার। নিজের খরচে ও উদ্যোগে কলকাতা থেকে সুন্দরবনের প্রান্তিক অঞ্চলজুড়ে আবহাওয়া ও জলবায়ু শিক্ষার বিশেষ পাঠচক্র চালিয়ে যাচ্ছেন তিনি।
সম্প্রতি কলকাতার ন্যাশনাল হাই স্কুলে সৌভিকের আয়োজিত একটি বিশেষ ক্লাসে কলকাতা, হাওড়া ও দক্ষিণ ২৪ পরগনার ২৬টি স্কুলের শিক্ষকেরা উপস্থিত ছিলেন। ছবি ও ভিডিও পরিবেশনের মাধ্যমে সেখানে তুলে ধরা হয় আবহাওয়ার পরিবর্তনের নানাবিধ বিপদ এবং ব্যক্তিগত ও সামাজিকভাবে দুর্যোগ মোকাবিলার উপায়। এর আগে শিক্ষক দিবসে দক্ষিণ ২৪ পরগনার পাথরপ্রতিমায় ২০০ জন পড়ুয়া এবং রঘুনাথপুর হাইস্কুলে গিয়ে সুন্দরবনের জীববৈচিত্র্যের সংকট, ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের সময় সুরক্ষার কৌশল সহজ ভাষায় শিখিয়েছেন তিনি।
সৌভিক চোঙদার কলকাতা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা ও গণ জ্ঞাপন বিভাগের প্রাক্তনী এবং বর্তমানে দিল্লিতে ভারত সরকারের একটি প্রতিষ্ঠানে কর্মরত। সাংবাদিকতায় তাঁর বিশেষ বিষয় ছিল পরিবেশ সাংবাদিকতা। শৈশবের প্রকৃতি প্রেম থেকে শুরু করে নিজের আগ্রহেই তিনি এখন পরিবেশ পাঠের অবৈতনিক শিক্ষক হয়ে উঠেছেন।
সৌভিকের এই উদ্যোগ কেবল সচেতনতার মধ্যেই সীমাবদ্ধ নেই, পৌঁছে গেছে প্রশাসনের দরবারেও। দক্ষিণ ২৪ পরগনার জেলাশাসক অভিষেক কুমার তিওয়ারির সঙ্গে বৈঠক করে জেলার সাড়ে তিনশো স্কুলে জলবায়ু শিক্ষা পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে একটি বিশেষ পরিকল্পনা পত্র তুলে দেন তিনি। সুন্দরবনের ভৌগোলিক বাস্তবতা, নদীভাঙন, বন্যা, লবণাক্ততা বৃদ্ধি ও ম্যানগ্রোভ সংরক্ষণের মতো গুরুত্বপূর্ণ বিষয়কে মাথায় রেখে একটি বাস্তবভিত্তিক শিক্ষাকাঠামো গড়াই তাঁর উদ্দেশ্য।
সৌভিকের লেখা বই ‘স্ট্র্যাটেজিক রোডম্যাপ ফর ক্লাইমেট এডুকেশন’ ইতিমধ্যে সরকারি কর্মকর্তাদের নজর কেড়েছে। তাঁর মতে, আগামী প্রজন্মকে সুরক্ষিত রাখতে বিদ্যালয়, পরিবার ও সমাজকে এক ছাতার তলায় আনতে হবে। এই প্রক্রিয়ার মাধ্যমে প্রতিটি স্কুলে গড়ে তোলা সম্ভব হবে ‘জলবায়ু প্রহরী’, যারা ভবিষ্যতে পরিবেশ রক্ষায় প্রধান ভূমিকা পালন করবে।