বিদ্যুৎ বিলের অজুহাতে অভিনব সাইবার প্রতারণা! মাত্র ৫ মিনিটে লাখ টাকা উধাও, হ্যাকারের দখলে মোবাইল

বিদ্যুৎ বিলের অজুহাতে অভিনব সাইবার প্রতারণা! মাত্র ৫ মিনিটে লাখ টাকা উধাও, হ্যাকারের দখলে মোবাইল

বিদ্যুৎ বিল বকেয়া থাকার অজুহাতে অভিনব সাইবার প্রতারণার শিকার হলেন এক ব্যক্তি। বিদ্যুৎ দফতরের প্রতিনিধি পরিচয়ে ফোন করে কয়েক মিনিটের মধ্যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে সাফা করে নেওয়া হলো প্রায় ১ লক্ষ টাকা। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে নদিয়ার তাহেরপুর ও কল্যাণী থানা এলাকায়।

কীভাবে ফাঁদে পা দিলেন ভুক্তভোগী? ভুক্তভোগী শ্যামাপ্রসাদ বিশ্বাস জানান, সম্প্রতি তাঁর মোবাইলে একটি অচেনা নম্বর থেকে ফোন আসে। ফোনকারী নিজেকে বিদ্যুৎ দফতরের কর্মী দাবি করে জানায় যে, তাঁর বাড়ির বিদ্যুৎ বিল বকেয়া রয়েছে। শ্যামাপ্রসাদবাবু নিয়মিত ইউপিআই (UPI) অ্যাপের মাধ্যমে বিল মেটান বলে জানালেও, প্রতারকরা তাঁকে একটি বিশেষ মেসেজ পাঠায় এবং মোবাইলের ব্যাংকিং অ্যাপ চালু করতে বাধ্য করে।

মাত্র ৫ মিনিটে খোয়া গেল ১ লক্ষ টাকা অ্যাপ চালু করার পর মাত্র ৫ থেকে ৭ মিনিটের ব্যবধানে তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে ধাপে ধাপে মোট ৯৯,৪০০ টাকা কেটে নেওয়া হয়। এর পরেই তাঁর ক্রেডিট কার্ড থেকে আরও ১ লক্ষ ২০ হাজার টাকা হাতানোর চেষ্টা চালায় হ্যাকাররা। তবে সময়মতো বিষয়টি বুঝতে পেরে শ্যামাপ্রসাদবাবু দ্রুত ক্রেডিট কার্ডটি ব্লক করে দেন, যার ফলে আরও বড় ক্ষতি এড়ানো সম্ভব হয়।

ফোন এখনও হ্যাকারদের নিয়ন্ত্রণে! ঘটনার পরপরই ভুক্তভোগী ব্যক্তি বিদ্যুৎ দফতর, সংশ্লিষ্ট ব্যাঙ্ক এবং তাহেরপুর ও কল্যাণী থানার সাইবার ক্রাইম শাখায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। তবে টাকা উদ্ধারের কোনো সুরাহা না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন তিনি। তাঁর দাবি, প্রতারণার পর থেকেই একটি বিশেষ রিমোট অ্যাপের (Remote Access App) মাধ্যমে তাঁর মোবাইল ফোনটি এখনও সম্পূর্ণ হ্যাকারদের নিয়ন্ত্রণে রয়েছে।

প্রশাসনের কঠোর পদক্ষেপ ও দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানানোর পাশাপাশি সাধারণ মানুষকে অচেনা নম্বর থেকে আসা বিল সংক্রান্ত ফোন বা মেসেজ থেকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন ভুক্তভোগী।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *