বঙ্গোপসাগরে জোড়া নিম্নচাপের দাপট! আজই ভারী বৃষ্টির সতর্কতা দক্ষিণবঙ্গের ৪ জেলায়

বঙ্গোপসাগরে ফের ঘনাচ্ছে দুর্যোগের মেঘ। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, বাংলাদেশের উপকূল সংলগ্ন উত্তর বঙ্গোপসাগরে একটি নতুন নিম্নচাপ তৈরি হয়েছে। একই সঙ্গে হরিয়ানা, জম্মু ও এলাহাবাদ হয়ে রাজের ওপর দিয়ে বঙ্গোপসাগরের এই নিম্নচাপ অঞ্চল পর্যন্ত বিস্তৃত রয়েছে মৌসুমি অক্ষরেখা। এই জোড়া আবহাওয়া ব্যবস্থার প্রভাবে রাজ্যজুড়ে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে।
দক্ষিণবঙ্গের আবহাওয়া পরিস্থিতি: আজ শুক্রবার দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বিশেষ করে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম ও বাঁকুড়ায় ভারী বৃষ্টির (৭ থেকে ১১ সেন্টিমিটার) সম্ভাবনা রয়েছে। বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। এছাড়া দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।
কলকাতার আজকের আবহাওয়া: তিলোত্তমার আকাশ আজ মূলত মেঘলা থাকবে। শহরের কিছু কিছু এলাকায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
- সর্বোচ্চ তাপমাত্রা: ৩৩ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে
- সর্বনিম্ন তাপমাত্রা: ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে
- বাতাসে আর্দ্রতা: সর্বোচ্চ ৯৬ শতাংশ
উত্তরবঙ্গের আবহাওয়া: উত্তরবঙ্গের জেলাগুলিতেও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর মধ্যে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলার কিছু কিছু জায়গায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ দু-এক পশলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
জরুরি সময়সূচি (জোয়ার-ভাটা ও সূর্যোদয়-সূর্যাস্ত):
- জোয়ারের সময়: সকাল ১০টা ০৩ মিনিট এবং রাত ১০টা ৩০ মিনিট।
- ভাটার সময়: দুপুর ১টা ১৬ মিনিট এবং রাত ১টা ৩৬ মিনিট।
- সূর্যোদয়: ভোর ৫টা ২২ মিনিট।
- সূর্যাস্ত: বিকেল ৫টা ৪৫ মিনিট।