সিসিটিভি ফুটেজ দেখে বাজিমাত! শহরে হানা দিয়ে ৩ আন্তঃরাজ্য জালিয়াতকে ধরল দিল্লি পুলিশ

সিসিটিভি ফুটেজ দেখে বাজিমাত! শহরে হানা দিয়ে ৩ আন্তঃরাজ্য জালিয়াতকে ধরল দিল্লি পুলিশ

কলকাতায় অভিযান চালিয়ে এক আন্তঃরাজ্য এটিএম প্রতারণা চক্রের তিন সদস্যকে গ্রেফতার করল দিল্লি পুলিশ। ধৃতদের কাছ থেকে ৬২টি এটিএম কার্ড, ১০টি সিম কার্ড, ১৪টি মোবাইল ফোন এবং ৮টি পয়েন্ট অফ সেল (POS) যন্ত্র উদ্ধার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, ধৃত তিন জন— ভরত বিশাল, ইন্দ্রজিৎ কুমার এবং বিরাজ কুমার— সকলেই বিহারের জাহানবাদের বাসিন্দা।

তদন্তে উঠে এসেছে, অভিযুক্তেরা অ্যাক্সিস ব্যাঙ্ক, কানারা ব্যাঙ্ক এবং বন্ধন ব্যাঙ্কের বিভিন্ন এটিএম বুথ থেকে বেআইনিভাবে ও প্রতারণার মাধ্যমে টাকা তুলছিল। গত ৩ সেপ্টেম্বর দিল্লির দক্ষিণ-পশ্চিম জেলা সাইবার থানায় দায়ের হওয়া একটি এফআইআর-এর সূত্র ধরে তদন্ত শুরু করে পুলিশ। তদন্তের ধারাবাহিকতায় শুক্রবার এসআই নীরজ কাকরালিয়ার নেতৃত্বে দিল্লি পুলিশের একটি প্রতিনিধিদল কলকাতায় পৌঁছায়।

কলকাতার পূর্ব যাদবপুর থানার পুলিশ আধিকারিকদের সঙ্গে যোগাযোগ করে সংশ্লিষ্ট এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখেন দিল্লির তদন্তকারীরা। ফুটেজের সূত্র ধরে অভিযুক্তদের দ্রুত চিহ্নিত করা হয় এবং একটি বিশেষ অভিযান চালিয়ে তিন জনকেই পাকড়াও করা হয়।

ধৃতদের আলিপুর আদালতে পেশ করে ট্রানজিট রিমান্ডে দিল্লিতে নিয়ে যাওয়ার প্রক্রিয়া চালাচ্ছে দিল্লি পুলিশ। এত পরিমাণ এটিএম কার্ড এবং পিওএস মেশিন তারা কীভাবে হস্তগত করল, জালিয়াতির কার্যপদ্ধতি ঠিক কী ছিল এবং এই চক্রের পেছনে অন্য কোনও বড় আন্তর্জাতিক বা আন্তঃরাজ্য গ্যাং জড়িয়ে রয়েছে কি না— তা জানতে ধৃতদের টানা জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *