৪০ টাকার চকোলেট খেয়েই চাকরি আউট! ব্ল্যাকমেলের শিকার শিলিগুড়ির ডেলিভারি বয়

মাত্র ৪০ টাকার চকোলেট খাওয়ার ‘অপরাধে’ চাকরি খোয়াতে হল শিলিগুড়ির এক যুবককে। শুধু বরখাস্ত করাই নয়, চকোলেট খাওয়ার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে তাঁর কাছ থেকে ১০ হাজার টাকা তোলাবাজির অভিযোগ উঠল সংস্থার সহকর্মীদের বিরুদ্ধে। এই ঘটনায় বিচার চেয়ে শিলিগুড়ির পুলিশ কমিশনার ও দার্জিলিং জেলা লেবার কমিশনের দ্বারস্থ হয়েছেন আক্রান্ত ২১ বছর বয়সী ওই ডেলিভারি কর্মী।
জানা গিয়েছে, শিবমন্দিরের বাসিন্দা ওই যুবক নিজের পড়াশোনা ও হাতখরচ চালাতে শিলিগুড়ির এসএফ রোডের একটি নামী অনলাইন ডেলিভারি সংস্থার স্টোরে কাজ করতেন। যুবকের দাবি, কাজের ফাঁকে না বুঝেই ৪০ টাকা দামের একটি চকোলেট তিনি খেয়ে ফেলেছিলেন। গত মাসে বেতন পাওয়ার পরই তাঁকে কাজ থেকে ছাঁটাই করা হয়। অভিযোগ, চাকরি যাওয়ার দিনই তাঁকে একটি ঘরে কয়েক ঘণ্টা আটকে রেখে চকোলেট খাওয়ার সিসিটিভি ফুটেজ দেখানো হয়। এরপর সেই ভিডিও ভাইরাল করে দেওয়ার হুমকি দিয়ে ১০ হাজার টাকা দাবি করা হয়।
অভিযুক্তদের হুমকির মুখে পড়ে বাধ্য হয়ে শিলিগুড়ি পুলিশ কমিশনারের কাছে লিখিত অভিযোগ দায়ের করে যুবকের পরিবার। যুবকের বাবার বক্তব্য, “ছেলে ভুল করে চকোলেট খাওয়ার কথা মেনে নিয়েছে। কিন্তু তার জন্য ঘরে আটকে রেখে ১০ হাজার টাকা দাবি করা চরম অন্যায়।” পরে পুলিশের হস্তক্ষেপে যুবককে আর টাকা দিতে হয়নি। তবে ব্ল্যাকমেল ও টাকা চাওয়ার সমস্ত অভিযোগ অস্বীকার করেছে সংস্থা কর্তৃপক্ষ। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।