পুণ্যার্থীদের বড় উপহার! কলকাতা থেকে গুজরাটের সোমনাথে বিশেষ স্পেশাল ট্রেন

ভারতের হাজার বছরের ইতিহাস, প্রাচীন ঐতিহ্য এবং অখণ্ড সংস্কৃতিকে উদ্যাপন করতে দেশজুড়ে মহা সমারোহে পালিত হচ্ছে ‘সোমনাথ স্বাভিমান পর্ব’। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিশেষ আহ্বানে সাড়া দিয়ে এবার পশ্চিমবঙ্গ থেকেও এই আধ্যাত্মিক যাত্রার এক নতুন অধ্যায় সূচিত হলো। ১২ সেপ্টেম্বর ২০২৬, শনিবার কলকাতার প্রধান রেল স্টেশন থেকে উৎসাহ-উদ্দীপনাময় পরিবেশে গুজরাটের সোমনাথগামী বিশেষ তীর্থযাত্রী ট্রেনের শুভ সূচনা করা হয়।
এই ঐতিহাসিক যাত্রার সূচনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের একাধিক বিশিষ্ট ব্যক্তিত্ব ও উচ্চপদস্থ রেল আধিকারিকরা। পতাকা নেড়ে ট্রেনের শুভ সূচনা করেন পর্যটন ও সংসদীয় বিষয়াবলি দফতরের মন্ত্রী ড. শঙ্কর ঘোষ, বিদ্যালয় শিক্ষা এবং অগ্নি ও জরুরি পরিষেবা দফতরের প্রতিমন্ত্রী শ্রী কৌশিক চৌধুরী, নগর উন্নয়ন ও পৌরবিষয়ক দফতরের প্রতিমন্ত্রী শ্রী উমেশ রায় এবং তথ্য ও সংস্কৃতি এবং পর্যটন দফতরের প্রতিমন্ত্রী শ্রীমতী পূর্ণিমা চক্রবর্তী। এ ছাড়া পূর্ব রেলের মহাব্যবস্থাপক (GM) মিস গীতিকা পাণ্ডে সহ রেলের উর্ধ্বতন কর্মকর্তারা এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
রেল মন্ত্রক ও কেন্দ্রীয় রেলমন্ত্রী শ্রী অশ্বিনী বৈষ্ণবের এই বিশেষ উদ্যোগে অত্যন্ত আনন্দিত পুণ্যার্থীরা। রেল সূত্রে জানা গিয়েছে, ১২ সেপ্টেম্বর কলকাতা থেকে যাত্রা শুরু করে বিশেষ ট্রেনটি ১৪ সেপ্টেম্বর গুজরাটের সোমনাথে পৌঁছাবে। ১৫ ও ১৬ সেপ্টেম্বর তীর্থযাত্রীরা সেখানে বিভিন্ন ধর্মীয়, ঐতিহ্যবাহী ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেবেন। অনুষ্ঠান ও দর্শন শেষে আগামী ১৭ সেপ্টেম্বর ২০২৬ তারিখে সোমনাথ থেকে কলকাতার উদ্দেশে ফিরতি যাত্রা শুরু করবে এই বিশেষ ট্রেনটি।
দেশের সাংস্কৃতিক ঐতিহ্য ও ঐতিহাসিক গুরুত্বকে পুণ্যার্থীদের সামনে তুলে ধরতে রেলের এই ডেডিকেটেড পরিষেবা ঘিরে ব্যাপক সাড়া মিলেছে। নিরাপদ ও আরামদায়ক উপায়ে পবিত্র সোমনাথ ধাম দর্শনের সুযোগ পেয়ে উচ্ছ্বসিত পুণ্যার্থীরা।