উত্তরে ভারী বৃষ্টির সতর্কতা, দক্ষিণে ঝোড়ো হাওয়া: জানুন রবিবারের আবহাওয়ার আপডেট

উত্তরে ভারী বৃষ্টির সতর্কতা, দক্ষিণে ঝোড়ো হাওয়া: জানুন রবিবারের আবহাওয়ার আপডেট

টানা কয়েকদিনের বৃষ্টির পর দক্ষিণবঙ্গে বর্ষার দাপট কিছুটা কমলেও পুরোপুরি বিদায় নেয়নি বৃষ্টি। রবিবারেও রাজ্যজুড়ে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে আজ দক্ষিণবঙ্গের তুলনায় উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির দাপট বেশি থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

আজ কলকাতার আবহাওয়া কেমন থাকবে?

রবিবার কলকাতার আকাশ মূলত মেঘলা থাকবে। শহরের দু-এক জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তবে ভারী বৃষ্টির সম্ভাবনা আজ নেই বললেই চলে। শহরের সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকতে পারে। বিগত ২৪ ঘণ্টায় কলকাতায় ৫.৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস

দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝারি বর্ষণ হতে পারে। তবে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং দক্ষিণ ২৪ পরগনায় বৃষ্টির প্রবণতা একটু বেশি থাকতে পারে। এছাড়া দক্ষিণবঙ্গের প্রতিটি জেলােই দু-এক জায়গায় বজ্রপাত এবং ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বওয়ার সম্ভাবনা রয়েছে।

উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা

উত্তরবঙ্গে বর্ষা বেশ সক্রিয়। আজ বিশেষ করে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী থেকে অতিভারী বৃষ্টির (৭ থেকে ১১ সেমি) সম্ভাবনা রয়েছে। এছাড়া পাহাড়ের দুই জেলা—দার্জিলিং ও কালিম্পং-এর দু-একটি জায়গায় ভারী বৃষ্টি হতে পারে। উত্তরের সব জেলাতেই দমকা হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *