প্রযুক্তি ও খনিজ সম্পদকে হাতিয়ার করলেই ক্ষতি, ব্রিকস মঞ্চে বড় বার্তা প্রধানমন্ত্রী মোদীর

ব্রিকস সম্মেলনের দ্বিতীয় দিনে প্রযুক্তি এবং ক্রিটিক্যাল মিনারেল বা গুরুত্বপূর্ণ খনিজ সম্পদের অপব্যবহার নিয়ে জোরালো বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর সাফ কথা, প্রযুক্তি এবং খনিজ সম্পদকে যদি কেউ রাজনৈতিক বা কৌশলগত হাতিয়ার হিসেবে ব্যবহার করে, তবে তা ব্রিকস দেশগুলির যৌথ অগ্রগতিকে মারাত্মকভাবে বাধাগ্রস্ত করবে। এই পরিস্থিতি এড়াতে প্রযুক্তি গ্রহণের ক্ষেত্রে একটি অন্তর্ভুক্তিমূলক বা সকলকে সঙ্গে নিয়ে চলার পদ্ধতির ওপর জোর দিয়েছেন তিনি।
ভারতের ব্রিকস সভাপতিত্বের সময়কালে মূলত রেজিলিয়েন্স, ইনোভেশন, সহযোগিতা এবং সাস্টেনাবিলিটির মতো বিষয়গুলিকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে। এই দৃষ্টিভঙ্গিকে পাথেয় করেই প্রযুক্তি, স্টার্টআপ, সাপ্লাই চেন এবং ডিজিটাল কৃষির মতো ক্ষেত্রগুলিতে একাধিক নতুন উদ্যোগের ঘোষণা করেছে ভারত।
প্রযুক্তি হোক সকলের জন্য উন্মুক্ত নতুন প্রযুক্তি যেন নির্দিষ্ট কোনো দেশ বা গুটিকয়েক গোষ্ঠীর হাতে বন্দি না থাকে, সে বিষয়ে সতর্ক করেছেন প্রধানমন্ত্রী। তাঁর মতে, প্রযুক্তি যেন যথাসম্ভব বেশি দেশ ও সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে যায়। একইসঙ্গে, ভবিষ্যতের প্রযুক্তিগত উন্নয়ন এবং সেই সম্পর্কিত নীতি প্রণয়নে ‘গ্লোবাল সাউথ’-এর দেশগুলির সমান অংশীদারিত্ব থাকা আবশ্যক বলে মত প্রকাশ করেছেন তিনি।
কৃষকদের সঙ্গে এআই ও ডিজিটাল সংযোগ ডিজিটাল কৃষির প্রসারে প্রযুক্তির ব্যবহারের ওপর বিশেষ গুরুত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী। ব্রিকস নেটওয়ার্ক অন ডিজিটাল এগ্রিকালচারের কথা উল্লেখ করে তিনি জানান, এর মাধ্যমে কৃষকদের জন্য নতুন দিগন্ত উন্মোচিত হবে। এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা), জিওস্পেশিয়াল টেকনোলজি এবং ডিজিটাল পাবলিক ইনফ্রাস্ট্রাকচারের সঙ্গে কৃষকদের সরাসরি যুক্ত করা হলে তাঁদের বহু দীর্ঘস্থায়ী সমস্যার সমাধান সহজ হবে।
স্টার্টআপ, সাপ্লাই চেন ও প্রাথমিক সতর্কতা ব্যবস্থা ব্রিকস দেশগুলির মধ্যে পারস্পরিক সহযোগিতা বাড়াতে ইনকিউবেটর নেটওয়ার্ক এবং স্টার্টআপ ইনোভেশন ফান্ডের মতো উদ্যোগের ওপর আলোকপাত করেছেন প্রধানমন্ত্রী। ইনকিউবেশন নেটওয়ার্কের মাধ্যমে ব্রিকসভুক্ত দেশগুলির স্টার্টআপ ও ইনকিউবেটারগুলিকে একত্রিত করা হবে। পাশাপাশি, লজিস্টিকস কোঅপারেশন ফ্রেমওয়ার্কের মাধ্যমে সাপ্লাই চেনকে আরও শক্তিশালী ও নির্ভরযোগ্য করে তোলার কথা বলেছেন তিনি।
মহামারী, জলবায়ু পরিবর্তন কিংবা সাপ্লাই চেনে বিঘ্ন ঘটার মতো সংকটগুলি শুধু একটি দেশকে নয়, বরং গোটা অঞ্চলকে বিপদের মুখে ঠেলে দেয়। এই বাস্তবকথা মাথায় রেখে সংক্রামক রোগ মোকাবিলায় একটি সমন্বিত প্রাথমিক সতর্কতা ব্যবস্থা (ইন্টিগ্রেটেড আর্লি ওয়ার্নিং সিস্টেম) এবং দুর্যোগ ব্যবস্থাপনার জন্য আগাম সতর্কবার্তা চালুর বিষয়ে ঐকমত্যে পৌঁছেছেন ব্রিকস নেতারা।