দক্ষিণ ২৪ পরগনায় গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার বাড়ির পরিচারক
September 13, 20265:33 pm
দক্ষিণ ২৪ পরগনার নিমপীঠের কাছে বকুলতলায় শনিবার রাতে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ উঠল বাড়ির পরিচারকের বিরুদ্ধে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনার সময় ওই গৃহবধূ বাড়িতে একাই ছিলেন। সেই সুযোগে অভিযুক্ত ইউসুফ মোল্লা তাঁর উপর চড়াও হয়ে ধর্ষণ করেন।
পরিবারের সদস্যরা এই নৃশংস ঘটনার কথা জানতে পেরে শনিবার রাতেই বকুলতলা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ পাওয়ার পরই দ্রুত তদন্তে নেমে পুলিশ রাতেই অভিযুক্তকে গ্রেপ্তার করে।
এই জঘন্য ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় এলাকায় তীব্র চাঞ্চল্য ও ক্ষোভ ছড়িয়ে পড়ে। অভিযুক্তের কঠোর শাস্তির দাবিতে স্থানীয় বাসিন্দারা বকুলতলা থানার সামনে বিক্ষোভ ও পথ অবরোধ শুরু করেন। পরে পুলিশের পক্ষ থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয় এবং অভিযুক্তের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিলে অবরোধ তুলে নেওয়া হয়।