‘বিশ্ব পরিবর্তনে গ্লোবাল সাউথই চালিকাশক্তি’, ব্রিকস মঞ্চে কৃত্রিম বুদ্ধিমত্তা ও স্মার্ট কারখানা গড়ার ডাক জিনপিংয়ের

‘বিশ্ব পরিবর্তনে গ্লোবাল সাউথই চালিকাশক্তি’, ব্রিকস মঞ্চে কৃত্রিম বুদ্ধিমত্তা ও স্মার্ট কারখানা গড়ার ডাক জিনপিংয়ের

ব্রিকস (BRICS) সম্মেলনের আয়োজন এবং ভারতের নেতৃত্বের ভূয়সী প্রশংসা করে বার্তা দিলেন চিনের রাষ্ট্রপতি শি জিনপিং। সেই সঙ্গে বিশ্ব অর্থনীতি, প্রযুক্তি এবং কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) বিকাশ ঘটাতে সম্মেলনে ৫টি বড় প্রস্তাব পেশ করেছেন তিনি।

শনিবার প্রকাশিত এক বার্তায় চিনের রাষ্ট্রপতি জানান, এমন একসময়ে এই বৈঠক হচ্ছে যখন বিশ্বজুড়ে এক শতাব্দীর মধ্যে সবচেয়ে বড় পরিবর্তন দেখা যাচ্ছে। তাঁর মতে, উন্নয়নশীল দেশ তথা গ্লোবাল সাউথ (Global South) এখন বিশ্বের অন্যতম প্রধান চালিকাশক্তিতে পরিণত হয়েছে। তবে বর্তমান আন্তর্জাতিক অস্থিরতা ও চ্যালেঞ্জের কথা মাথায় রেখে ব্রিকস দেশগুলিকে বিশ্বকে স্থিতিশীল ও সুন্দর করে তুলতে ঐতিহাসিক ভূমিকা নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

ভাষণে আন্তর্জাতিক সম্পর্কের মৌলিক নীতি ও আইনের শাসন রক্ষার ওপর জোর দিয়ে জিনপিং জানান, ‘শক্তিই ন্যায়’—এই পুরনো ধারণার কোনো স্থান থাকা উচিত নয়। রাষ্ট্রপুঞ্জের কর্তৃত্ব বজায় রাখা, আন্তর্জাতিক আর্থিক কাঠামোর সংস্কার এবং উন্নয়নশীল দেশের প্রতিনিধিত্ব বাড়ানোর পক্ষেও সওয়াল করেন তিনি। জলবায়ু পরিবর্তন রোধে প্যারিস চুক্তির সঠিক বাস্তবায়নের পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) সঠিক ব্যবহারের ওপর বিশেষ জোর দেন চিন রাষ্ট্রপতি।

ব্রিকস নিয়ে চিনা রাষ্ট্রপতির ৫ প্রস্তাব:

১. এআই ওপেন-সোর্স কমিউনিটি: কৃত্রিম বুদ্ধিমত্তার সঠিক বিকাশ ও কল্যাণমূলক ব্যবহারে ব্রিকসের একটি এআই ওপেন-সোর্স কমিউনিটি গড়ে তোলার নেতৃত্ব দেবে চিন। লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলের (LLM) প্রয়োগ ও বিশেষ প্রশিক্ষণ কর্মসূচির মাধ্যমে একটি উন্মুক্ত পরিবেশ তৈরি করা হবে।

২. বিশেষ অর্থনৈতিক অঞ্চল ও স্মার্ট পোর্টাল: বাণিজ্যের নতুন গতি আনতে একটি ব্রিকস বিশেষ অর্থনৈতিক অঞ্চল এবং স্মার্ট পোর্টাল তৈরির প্রস্তাব দিয়েছে বেজিং। আগামী বছর বাণিজ্য পরিষেবা নিয়ে একটি বিশেষ ফোরামেরও আয়োজন করবে চিন।

৩. ডিজিটাল ইকোসিস্টেম ক্লাউড প্ল্যাটফর্ম: ডিজিটাল অর্থনীতির যৌথ বিকাশ ঘটাতে ব্রিকস ডিজিটাল ইকোসিস্টেম ক্লাউড প্ল্যাটফর্ম তৈরি করা হবে। এর মাধ্যমে ডিজিটাল দক্ষতার প্রশিক্ষণ ও প্রযুক্তিগত আদানপ্রদান বাড়ানো হবে।

৪. স্মার্ট কারখানা নির্মাণ: ব্রিকসের অংশীদার দেশগুলিতে আধুনিক স্মার্ট কারখানা গড়ে তুলতে সমস্ত ধরনের সহযোগিতা করবে চিন।

৫. ব্রিকস ইঞ্জিনিয়ার জোট: যৌথভাবে দক্ষ পেশাদার ও ইঞ্জিনিয়ার তৈরি করতে এবং তাদের যোগ্যতার মানদণ্ড পারস্পরিক স্বীকৃতি দিতে একটি বিশেষ জোট গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *