নেপাল বিপর্যয়: আটকে থাকা পর্যটকদের উদ্ধারের দাবিতে ভারত সরকারের হস্তক্ষেপ চাইল শুভ্রাংশু পরিবার

নেপালে মর্মান্তিক বিপর্যয়ের পর থেকেই নিখোঁজ রয়েছেন মুকুলপুত্র শুভ্রাংশু রায়ের স্ত্রী শর্মিষ্ঠা রায়। গত ২৬ আগস্ট থেকে তাঁর কোনো খোঁজ না মেলায় গভীর উদ্বেগে কাটছে দিন। এর মাঝেই সংবাদমাধ্যমের ভূমিকা ও সাম্প্রতিক কিছু জল্পনা নিয়ে মুখ খুললেন শুভ্রাংশু।
এদিন সোশ্যাল মিডিয়ায় শুভ্রাংশু এক বার্তা দিয়ে সমস্ত গণমাধ্যমকে অনুরোধ করেন, এই সংবেদনশীল পরিস্থিতিতে যেন কোনো ধরনের অতিরঞ্জিত বা বিভ্রান্তিকর খবর প্রচার করা না হয়। তিনি পরিষ্কার জানান যে, তাঁর এখনও বিশ্বাস ওই ৩২ জন ভালো আছেন, তবে এর অর্থ এই নয় যে তাঁদের সঙ্গে তাঁর কোনো ব্যক্তিগত যোগাযোগ সম্ভব হয়েছে। সকলের কাছে সহানুভূতিশীল আচরণের আবেদন জানিয়েছেন তিনি।
এর আগে শুভ্রাংশুর একটি ফেসবুক পোস্টকে কেন্দ্র করে নতুন করে জল্পনা দানা বাঁধে। চিনের বিদেশ মন্ত্রকের একটি সাংবাদিক বৈঠকের ভিডিও শেয়ার করে তিনি লিখেছিলেন, উদ্ধারের অপেক্ষায় থাকা ৫০০ জনেরও বেশি আটকে থাকা ব্যক্তির এই তথ্য ভারত সরকার যেন যাচাই করে দ্রুত সরকারিভাবে কিছু জানায়। দুর্গম এলাকায় এখনও অনেকে আটকে রয়েছেন এবং তাঁরা উদ্ধারের অপেক্ষায় দিন গুনছেন বলেই তাঁর প্রবল বিশ্বাস।