পুরভোটের রণকৌশল তৈরি করতে আগামী সপ্তাহেই রাজ্য সফরে আসছেন রাজনাথ সিং ও নিতিন নবীন

পুরভোটের রণকৌশল তৈরি করতে আগামী সপ্তাহেই রাজ্য সফরে আসছেন রাজনাথ সিং ও নিতিন নবীন

দুর্গাপুজোর পরই কলকাতা ও হাওড়া সহ রাজ্যের একাধিক গুরুত্বপূর্ণ পুরসভায় ভোটের বাদ্যি বাজতে চলেছে। আর এই আসন্ন পুরনির্বাচনকে পাখির চোখ করেই এখন থেকে সর্বশক্তি দিয়ে ময়দানে নামতে চলেছে বঙ্গ বিজেপি। এই রাজনৈতিক আবহেই আগামী সপ্তাহে রাজ্য সফরে আসছেন দেশের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এবং বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব।

দলের সূত্রে জানা গিয়েছে, বিজেপির সর্বভারতীয় সভাপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর এই প্রথমবার রাজ্য সফরে আসছেন নিতিন নবীন। আগামী ১৫ সেপ্টেম্বর দু’দিনের সফরে বাংলায় পৌঁছবেন তিনি। তাঁর সঙ্গে থাকবেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক (সাংগঠনিক) বিএল সন্তোষ। অন্যদিকে, আগামী ১৬ সেপ্টেম্বর কলকাতায় পা রাখবেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। তাঁর একটি সরকারি কর্মসূচি থাকলেও, রাজ্য বিজেপি নেতৃত্বের সঙ্গে তাঁর নির্ধারিত রুদ্ধদ্বার বৈঠকটি ঘিরেই রাজনৈতিক মহলে মূল আকর্ষণ তৈরি হয়েছে।

সম্প্রতি বঙ্গ বিজেপির নবগঠিত পূর্ণাঙ্গ রাজ্য কার্যকরী কমিটি এবং নতুন কোর কমিটি প্রকাশিত হয়েছে। দলীয় সূত্রে খবর, রাজনাথ সিং ও নিতিন নবীন—এই দুই শীর্ষ নেতাই সদ্য গঠিত রাজ্য কমিটি ও কোর কমিটির সদস্যদের সঙ্গে দফায় দফায় বৈঠকে বসবেন। আসন্ন পুরসভা নির্বাচনে শাসকদলকে কীভাবে টেক্কা দেওয়া যায়, সেই ব্লু-প্রিন্ট এই বৈঠকেই স্থির হওয়ার কথা রয়েছে।

পাশাপাশি, আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ১৭ অক্টোবর পর্যন্ত মাসব্যাপী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন উপলক্ষ্যে আয়োজিত ‘সেবা প্রকল্প’ কর্মসূচি বাংলায় কীভাবে রূপায়ণ করা হবে, তার বিস্তারিত পরিকল্পনাও এই সফরের টেবিলেই চূড়ান্ত হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *