‘কিল সুইচ’ কাজ নাও করতে পারে! AI-এর লাগামহীন গতি নিয়ে চরম সতর্কবার্তা বিজ্ঞানীদের

কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI প্রযুক্তির অগ্রগতি মানবজাতির অস্তিত্বের জন্য মারাত্মক হুমকি হয়ে দাঁড়াতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা। প্রাক্তন অ্যানথ্রপিক (Anthropic) গবেষক জ্যাকব কক্সনসহ টেক জায়ান্টদের শীর্ষকর্তারা এই প্রযুক্তি নিয়ন্ত্রণে অবিলম্বে কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন।
সম্প্রতি মার্কিন সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে জ্যাকব কক্সন জানান, AI-এর লাগামহীন বিকাশ রোধ করা না হলে তা নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। এ প্রসঙ্গে তিনি ‘কিল সুইচ’ বা জরুরি অবস্থায় AI বন্ধ করার ব্যবস্থার সীমাবদ্ধতার কথা তুলে ধরেছেন। তাঁর মতে, বর্তমানে একটি নির্দিষ্ট ভৌগোলিক সীমার মধ্যে কিল সুইচ কার্যকর হলেও, ভবিষ্যতে এই প্রযুক্তি পুরো ইন্টারনেট ব্যবস্থায় ছড়িয়ে পড়লে তা দিয়ে হ্যাকিং বা যেকোনো বড় বিপর্যয় ঠেকানো আসাম্ভব হয়ে পড়বে।
এর আগে সামাজিক মাধ্যমেও কক্সন সতর্ক করেছিলেন যে, এই দশকের শেষেই ‘সুপারইন্টেলিজেন্ট’ বা অতি-উন্নত AI প্রযুক্তি মানবজাতির ধ্বংসের কারণ হয়ে দাঁড়াতে পারে। অনেক প্রযুক্তিবিদ জনসমক্ষে বিষয়টি এড়িয়ে চললেও ব্যক্তিগতভাবে তারাও এই চরম ঝুঁকির কথাই স্বীকার করছেন।
শুধু কক্সন একা নন, অ্যানথ্রপিকের সিইও দারিও অ্যামোডের পাশাপাশি ওপেনএআই-এর স্যাম অল্টম্যান, টেসলার এলন মাস্ক, গুগলের দেমিস হাসাবিস এবং মাইক্রোসফটের সত্য নাডেল্লার মতো বিশিষ্ট ব্যক্তিত্বরাও কৃত্রিম বুদ্ধিমত্তার গতি নিয়ন্ত্রণে রাখার প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছেন। তাদের মতে, মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে এবং বড় ধরনের বিপর্যয় এড়াতে উন্নত AI সিস্টেমগুলোকে কঠোর নজরদারির আওতায় আনা জরুরি।