গুরগাঁওয়ে দিনের আলোয় মহিলা বাইকারকে ধাওয়া! সেডানের ধাক্কায় রাস্তায় ছিটকে পড়লেন তরুণী

বন্ধুদের সঙ্গে মোটরবাইকে রাইডে বেরিয়ে গুরুগ্রামের গল্ফ কোর্স রোডে ভয়ানক হেনস্থার শিকার হলেন এক তরুণী বাইকার। নিরাপদ দূরত্ব বজায় রাখতে বলায় একটি সাদা রঙের সেডান গাড়ি তাঁকে দিনের আলোয় বেপরোয়াভাবে ধাওয়া করে এবং শেষ পর্যন্ত সজোরে ধাক্কা মেরে রাস্তায় ফেলে দেয় বলে অভিযোগ। গুরুতর আহত অবস্থায় ওই তরুণীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। গোটা ঘটনার রোমহর্ষক ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই ভাইরাল হয়েছে।
রবিবারের এই ঘটনায় আহত বাইকারের নাম সিয়া। তাঁর বাইকে লাগানো অ্যাকশন ক্যামেরাতেই বন্দি হয়েছে হামলার পুরো দৃশ্যটি। সিয়ার দাবি, তিনি ও তাঁর কয়েকজন সহ-বাইকার রাইডে বের হওয়ার সময় একটি সাদা গাড়ি অত্যন্ত সন্দেহজনক ও বেপরোয়াভাবে তাঁদের অনুসরণ করতে শুরু করে। বারবার গাড়িটি খুব কাছে চলে আসায় সিয়া চালককে নিরাপদ দূরত্ব বজায় রাখার অনুরোধ জানান। কিন্তু অভিযোগ, এর পরেই চালক বচসা শুরু করে এবং গাড়ি থামিয়ে কথা বলতে বাধ্য করতে চায়।
সিয়ার আরও অভিযোগ, অভিযুক্ত গাড়িতে থাকা ব্যক্তিরা মদ্যপ অবস্থায় ছিলেন। পরিস্থিতি বেগতিক বুঝে সিয়া বাইকটি কিছুটা এগিয়ে নেওয়ার চেষ্টা করেন, যাতে গাড়িটি তাঁর পথ রোধ করতে না পারে। কিন্তু চালক ধাওয়া করা বন্ধ করেনি। সেই সময় সিয়ার এক সহ-বাইকার ঢাল হয়ে সামনে আসার চেষ্টা করলেও, সাদা গাড়িটি হঠাৎই তীব্র গতিতে দিক পরিবর্তন করে সিয়ার বাইকে সজোরে ধাক্কা মারে।
ধাক্কার চোটে সিয়া বাইক থেকে ছিটকে পিচের রাস্তায় পড়ে যান এবং তাঁর বাইকটি কিছুটা দূর পর্যন্ত ঘষটে যাওয়ার ফলে আগুনের ফুলকি বের হতে দেখা যায়। ঘটনার পর সহ-বাইকাররা অভিযুক্ত গাড়িটিকে ধাওয়া করলেও ট্রাফিক সিগন্যালের সুযোগ নিয়ে গাড়িটি পালিয়ে যায়।
গুরুতর জখম অবস্থায় সিয়াকে দ্রুত স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাঁর শারীরিক অবস্থা বর্তমানে আশঙ্কাজনক। এদিকে, সোশ্যাল মিডিয়ায় ভিডিয়োটি ভাইরাল হওয়ার পর নড়েচড়ে বসেছে গুরুগ্রাম ট্রাফিক পুলিশ। ভাইরাল হওয়া সেই ভিডিয়ো ও ক্যামেরার ফুটেজকে হাতিয়ার করে ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু হয়েছে।