আন্তর্জাতিক ক্রিকেটে ইতিহাস! ভারত-আফগানিস্তান ম্যাচে জাতীয় সঙ্গীতের আগে বাজল ‘বন্দে মাতরম’

ভারত ও আফগানিস্তানের মধ্যকার পুরুষদের আন্তর্জাতিক টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে দেখা গেল সম্পূর্ণ এক নতুন ও ঐতিহাসিক মুহূর্ত। সোমবার দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে ম্যাচ শুরুর প্রথাগত রীতিতে বড় পরিবর্তন এনে জাতীয় সঙ্গীত ‘জন গণ মন’-এর ঠিক আগেই বাজানো হলো জাতীয় গান ‘বন্দে মাতরম’। আন্তর্জাতিক ক্রিকেটের মঞ্চে এই প্রথমবার এই প্রোটোকল মেনে চলা হলো।
মূল পরিবর্তন ও প্রেক্ষাপট: কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের সাম্প্রতিক ১০ পাতার নির্দেশিকা অনুযায়ী এই নিয়মের সূচনা হয়েছে। নির্দেশিকায় স্পষ্ট জানানো হয়েছে যে, যেখানেই জাতীয় সঙ্গীত ও জাতীয় গান একসঙ্গে বাজানো হবে, সেখানে সর্বদা ‘বন্দে মাতরম’ আগে বাজবে এবং দুটি ক্ষেত্রেই উপস্থিত সকলকে শ্রদ্ধায় দাঁড়িয়ে সম্মান জানাতে হবে। এর আগে ঘরোয়া ক্রিকেটে দিল্লি প্রিমিয়ার লিগের (DPL) ফাইনালে এই নিয়ম দেখা গেলেও, আন্তর্জাতিক পুরুষ ক্রিকেটে এটিই প্রথম।
নতুন আইনের নেপথ্য কাহিনী: চলতি বছরের (২০২৬) জুলাই মাসের শেষের দিকে সংসদে পাস হয় ‘প্রিভেনশন অফ ইনসাল্টস টু ন্যাশনাল অনার (সংশোধনী) বিল, ২০২৬’। ১৯৭১ সালের মূল আইনের ৩ নম্বর ধারায় সংশোধনী এনে জাতীয় সঙ্গীতের পাশাপাশি ‘বন্দে মাতরম’-কেও সমান মর্যাদা দেওয়া হয়েছে। অগস্ট মাসে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর স্বাক্ষরের পর এটি পূর্ণাঙ্গ আইনে পরিণত হয়। নতুন এই আইন অনুযায়ী, জাতীয় গান গাওয়ায় বাধা দেওয়া বা এর আসাম্মান করা এখন থেকে শাস্তিযোগ্য অপরাধ।
দিল্লির এই ম্যাচটিতে দুই দলের খেলোয়াড়দের পাশাপাশি গ্যালারিতে উপস্থিত দর্শকরাও একসাথে দাঁড়িয়ে নতুন এই নিয়মের প্রতি পূর্ণ সম্মান প্রদর্শন করেন।