‘চিরস্থায়ী বন্দোবস্ত নেই!’ শরিকদের দাবি উড়িয়ে কড়া বার্তা মহম্মদ সেলিমের

উপনির্বাচনের দামামা বাজতেই রাজ্যের রাজনৈতিক মহলে চর্চার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে বামফ্রন্টের অন্দরের বিরোধ। বহরমপুর ও নন্দীগ্রামের মতো গুরুত্বপূর্ণ আসনে প্রার্থী ঘোষণাকে কেন্দ্র করে সিপিআইএম এবং তাদের দীর্ঘদিনের শরিক আরএসপির মধ্যে প্রকাশ্য কোন্দল শুরু হয়েছে।
গত শনিবার বামফ্রন্টের তরফে নন্দীগ্রামের পাশাপাশি রেজিনগর বিধানসভা উপনির্বাচনের প্রার্থী তালিকা প্রকাশ করা হয়। আলিমুদ্দিন স্ট্রিটের তরফে রেজিনগর কেন্দ্রে সিপিআইএমের প্রতীকে আইনজীবী সঈদ আসাদ আলিকে প্রার্থী করা হলেও, এই সিদ্ধান্ত মেনে নেয়নি আরএসপি। আরএসপির মুর্শিদাবাদ জেলা নেতৃত্বের দাবি, এই প্রার্থী সর্বসম্মত নয় এবং ওই আসনে তারাও নিজেদের দাবিদার। ফলে বামফ্রন্টের ঐক্য নিয়ে বড়সড় প্রশ্নচিহ্ন তৈরি হয়েছে।
সোমবার শিলিগুড়িতে এক সাংবাদিক বৈঠকে এই শরিকি দ্বন্দ্ব ও ফাটল নিয়ে প্রশ্ন করা হলে তীব্র অসন্তোষ প্রকাশ করেন সিপিআইএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। শরিক দলগুলির দাবি খারিজ করে তিনি স্পষ্ট ভাষায় জানান, বামফ্রন্টে কোনও ‘চিরস্থায়ী বন্দোবস্ত’ নেই। পাশাপাশি, অতীতে ওই আসনে বিভিন্ন দলের লড়ার প্রসঙ্গ টেনে তিনি শরিকদের এই বিরোধ নিয়ে আর বেশি জলঘোলা না করার পরামর্শ দেন।
অন্যদিকে, উদ্ভূত পরিস্থিতি সামাল দিতে কিছুটা নরম মনোভাব দেখাচ্ছে জেলা সিপিআইএম নেতৃত্ব। মুর্শিদাবাদ জেলা সম্পাদক জামির মোল্লার মতে, প্রার্থী ঘোষণা হলেও আলোচনার মাধ্যমে সমঝোতার ভিত্তিতে তা প্রত্যাহার করা সম্ভব।
কংগ্রেসের সঙ্গে দূরত্ব বজায় রাখা এবং আইএসএফের জোট ছাড়ার গুঞ্জনের মাঝেই শরিকি এই দ্বন্দ্ব বামশিবিরকে ভোটযুদ্ধে আরও বেশি চাপে ফেলছে বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।