চন্দ্রনাথ খুনে ২ কোটির সুপারি! ‘ভাইপো গ্যাং’-এর বিরুদ্ধে চাঞ্চল্যকর দাবি শুভেন্দুর

চন্দ্রনাথ খুনে ২ কোটির সুপারি! ‘ভাইপো গ্যাং’-এর বিরুদ্ধে চাঞ্চল্যকর দাবি শুভেন্দুর

চন্দ্রনাথ রথ হত্যাকাণ্ড নিয়ে ফের রাজ্য রাজনীতিতে মারাত্মক অভিযোগ তুললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। চন্দ্রনাথকে রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার দাবি করে তিনি জানান, তাঁকে সরিয়ে দিতে ২ কোটি টাকার ‘সুপারি’ দেওয়া হয়েছিল। এই বিপুল অর্থ সরবরাহের পেছনে সরাসরি ‘ভাইপো গ্যাং’ জড়িত বলেও দাবি তাঁর।

নন্দীগ্রাম উপনির্বাচনে বিজেপি প্রার্থী তথা নিহত চন্দ্রনাথের মা হাসিরানি রথের মনোনয়ন পেশের পর সংবাদমাধ্যমের সামনে শুভেন্দু জানান, টাকা লেনদেন সংক্রান্ত কল রেকর্ড তাঁর হাতে এসেছে। তাঁর বক্তব্য, “শুটারকে কারা টাকা পৌঁছে দিয়েছিল, সেই কল রেকর্ড আমি নিজে শুনেছি। খুনের চুক্তি দেওয়া এবং শুটার মিলিয়ে ইতিমধ্যেই ৭ জন গ্রেপ্তার হয়েছে। তদন্ত শেষে দোষীদের ফাঁসিই হওয়া উচিত।”

উল্লেখ্য, বিধানসভা নির্বাচনের ফলাফল প্রকাশের পরপরই গত ৪ মে রাতে মধ্যমগ্রামের দোহাড়িয়ায় দুষ্কৃতীদের গুলিতে প্রাণ হারান শুভেন্দুর ঘনিষ্ঠ বলে পরিচিত চন্দ্রনাথ রথ। ঘটনার তদন্তে আন্তঃরাজ্য যোগ থাকায় পরবর্তীতে তদন্তভার সিবিআইয়ের হাতে তুলে দেওয়া হয়। নন্দীগ্রামের উপনির্বাচনের মুখে শুভেন্দুর এই বিস্ফোরক দাবিতে নতুন করে রাজনৈতিক উত্তাপ ছড়িয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *