‘আমার ব্যক্তিগত তথ্য কেন দেখবে বোর্ড?’ গড়াপেটা তদন্তে চরম ক্ষুব্ধ রিজ়ওয়ান

‘আমার ব্যক্তিগত তথ্য কেন দেখবে বোর্ড?’ গড়াপেটা তদন্তে চরম ক্ষুব্ধ রিজ়ওয়ান

গড়াপেটার বিতর্কে জেরবার পাকিস্তান ক্রিকেট। তবে তদন্ত চলাকালীনই এবার উল্টো পাকিস্তান ক্রিকেট বোর্ডকে (PCB) কাঠগড়ায় তুললেন দলের বর্ষীয়ান ব্যাটার মহম্মদ রিজ়ওয়ান। ইংল্যান্ড সিরিজ় চলাকালীন দল থেকে ছেঁটে দেশে ফিরিয়ে আনার পর তাঁর ওপর চলেছে দু’ঘণ্টার দীর্ঘ জেরা, এমনকি বাজেয়াপ্ত করা হয়েছে তাঁর ব্যবহৃত মোবাইল ফোনটিও। কিন্তু এবার আর চুপ না থেকে বোর্ড সভাপতি মহসিন নকভি ও দেশের সাইবার ক্রাইম বিভাগের কাছে সরাসরি লিখিত জবাব তলব করেছেন রিজ়ওয়ান।

পাক সংবাদমাধ্যম ‘জিয়ো নিউজ়’-এর দেওয়া তথ্য অনুযায়ী, পিসিবি এবং তদন্তকারী সংস্থাকে একটি চিঠি পাঠিয়েছেন রিজ়ওয়ান। চিঠিতে তাঁর সোজা প্রশ্ন— “কোন যুক্তিতে আমাকে সাইবার ক্রাইম এজেন্সির মুখোমুখি হতে হল? আর কিসের ভিত্তিতে আমার ব্যক্তিগত মোবাইল ফোনটি এখনও বোর্ডের হেফাজতে আটকে রাখা হয়েছে?” ড্রেসিংরুমের গোপন তথ্য ফাঁস হয়েছে কি না তা দেখতেই ফোনটি জব্দ করা হয়েছিল, কিন্তু রিজ়ওয়ানের আশঙ্কা— এর মাধ্যমে তাঁর ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা ভঙ্গ করা হচ্ছে।

ইংল্যান্ড সিরিজ়ের মাঝপথেই রিজ়ওয়ান ও ইমাম উল হকসহ সাত ক্রিকেটারকে আচমকা দেশে ফেরত পাঠায় পাক ম্যানেজমেন্ট। এর পর থেকেই গড়াপেটার কালো ছায়া গ্রাস করেছে তাঁদের কেরিয়ার। প্রথমে রিজ়ওয়ান তদন্তে সহযোগিতার আশ্বাস দিলেও, বর্তমান যা পরিস্থিতি তাতে জাতীয় দল তো বটেই, ঘরোয়া ক্রিকেটেও তাঁর ফেরার রাস্তা বন্ধ হওয়ার জোগাড়।

পিঠ দেওয়ালে ঠেকে যাওয়ায় কেরিয়ার বাঁচাতে এখন আক্রমণাত্মক পথ বেছে নিয়েছেন এই উইকেটরক্ষক-ব্যাটার। সরাসরি পিটিশন জমা দিয়ে নকভি প্রশাসনের কাছে কৈফিয়ত চেয়েছেন তিনি, যদিও পাক বোর্ডের পক্ষ থেকে এখনও এই চিঠির কোনও উত্তর দেওয়া হয়নি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *