চালকের হর্নে অলৌকিক রক্ষা! সোমড়ায় খোলা রেলগেটে তুমুল উত্তেজনা

চালকের হর্নে অলৌকিক রক্ষা! সোমড়ায় খোলা রেলগেটে তুমুল উত্তেজনা

হুগলির সোমড়া স্টেশন সংলগ্ন কোলোড়া রেলগেটে চালকের সময়োচিত বুদ্ধিতে একটুর জন্য এড়ানো গেল এক ভয়াবহ ট্রেন দুর্ঘটনা। মঙ্গলবার রাত সাড়ে ৯টা নাগাদ ব্যান্ডেল-কাটোয়া লাইনে কাটোয়া-ব্যান্ডেল ডাউন লোকাল (৩৭৭৫৪) যখন গেটের কাছে চলে আসে, তখনও রেলগেট সম্পূর্ণ খোলা ছিল। বেশ কিছু মানুষ তখন অবাধে লাইন পারাপার করছিলেন। চরম বিপদ বুঝে ট্রেনের চালক দ্রুত গাড়ি থামিয়ে দেন এবং অনবরত হর্ন বাজাতে থাকেন।

চালকের বিকট হর্ন শুনেই কেবিন থেকে তড়িঘড়ি বেরিয়ে এসে গেট বন্ধ করেন গেটম্যান। চালকের এই তৎপরতায় নিশ্চিত মৃত্যুর হাত থেকে রক্ষা পান বহু পথচারী।

ঘটনার পর ক্ষুব্ধ এলাকাবাসী কেবিন ঘেরাও করে গেটম্যানের বিরুদ্ধে চরম গাফিলতির অভিযোগ তোলেন। স্থানীয়দের দাবি, গেটম্যান ডিউটি চলাকালীন ঘুমিয়ে পড়েছিলেন। যদিও সেই অভিযোগ অস্বীকার করে গেটম্যানের দাবি, গেট বন্ধ না থাকলে সিগন্যাল পাওয়া বা ট্রেন যাওয়ার কথা নয়। এই নিয়ে স্থানীয়দের সঙ্গে তাঁর তীব্র বাকবিতণ্ডা হয়। পরবর্তীতে জিরাট স্টেশন মাস্টারের কাছে ওই গেটম্যানের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন বাসিন্দারা।

সোমড়ার এই কাণ্ড আবারও মনে করিয়ে দিল লেভেল ক্রসিংয়ের নিরাপত্তার ভয়াবহ চিত্রটি। কিছুদিন আগেই মুর্শিদাবাদের কর্ণসুবর্ণে খোলা লেভেল ক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় পুলকার পিষে গিয়ে চার স্কুল পড়ুয়া সহ পাঁচজনের করুণ মৃত্যু হয়েছিল। সোমড়ায় লোকাল ট্রেনের চালকের এই তৎপরতা না থাকলে হয়তো আবারও এক মর্মান্তিক ট্র্যাজেডির সাক্ষী থাকতে হতো রাজ্যবাসীকে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *