কুড়মালি ভাষাকে ৮ম তফসিলে স্থান, মামলা প্রত্যাহার! পুরুলিয়ায় করম পরবে মেগা ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দুর

কুড়মালি ভাষাকে ৮ম তফসিলে স্থান, মামলা প্রত্যাহার! পুরুলিয়ায় করম পরবে মেগা ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দুর

পুরুলিয়া: দীর্ঘদিনের আন্দোলন ও দাবির মুখে এবার বড় ঘোষণা রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। পুরুলিয়ার আদিবাসী কুড়মি সমাজের ঐতিহ্যবাহী করম পরবে যোগ দিয়ে কুড়মালি ভাষাকে সংবিধানের অষ্টম তফসিলে অন্তর্ভুক্ত করার স্পষ্ট আশ্বাস দিলেন তিনি। শুধু কুড়মালি নয়, রাজবংশী ভাষাকেও অষ্টম তফসিলে যুক্ত করতে রাজ্য সরকার দ্রুত প্রক্রিয়া শুরু ও শেষ করবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন মুখ্যমন্ত্রী।

রবিবার পুরুলিয়ার মঞ্চে কুড়মিদের সমাবেশে উপস্থিত ছিলেন ঝাড়খণ্ডের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী তথা আজসু প্রধান সুদেশ মাহাতো এবং কুড়মি নেতা অজিত মাহাতো। কুড়মি সমাজের নেতাদের উপস্থিতিতেই একাধিক গুরুত্বপূর্ণ ঘোষণা করেন মুখ্যমন্ত্রী:

  • আন্দোলনের সব মামলা প্রত্যাহার: বিগত সরকারের আমলে কুড়মি আন্দোলনের সময় আন্দোলনকারীদের বিরুদ্ধে হওয়া সমস্ত ‘মিথ্যা মামলা’ দ্রুত প্রত্যাহার করে নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন মুখ্যমন্ত্রী।
  • UCC-র বাইরে কুড়মি সমাজ: অভিন্ন দেওয়ানি বিধি (UCC) প্রসঙ্গে মুখ্যমন্ত্রী জানান, কুড়মি নেতাদের আবেদনের ভিত্তিতেই তাদের এই বিধির আওতার বাইরে রাখা হয়েছে। আদিবাসী কুড়মিদের ভাষা, সংস্কৃতি ও অধিকার সম্পূর্ণ সুরক্ষিত থাকবে।
  • উন্নয়ন পর্ষদে ৫০ কোটি টাকা: আগের সরকার কুড়মি উন্নয়ন পর্ষদের জন্য মাত্র ১০ কোটি টাকা বরাদ্দ করলেও, বর্তমান সরকার তা বাড়িয়ে ৫০ কোটি টাকা করেছে। প্রয়োজনবোধে এই বরাদ্দ আরও বাড়ানো হবে। পাশাপাশি পশ্চিমাঞ্চল উন্নয়ন দপ্তরের ১৬০০ কোটি টাকা পুরোটাই এই অঞ্চলের সার্বিক উন্নয়নে খরচ করা হবে।
  • ভূমি দপ্তরের ফিস বাতিল: জমি-জায়গার রেকর্ড নেওয়ার জন্য এতদিন ১০ টাকা করে নেওয়া হতো। কুড়মি নেতাদের কাছ থেকে বিষয়টি জানতে পেরে তৎক্ষণাৎ এই প্রথা বন্ধ করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।

উল্লেখ্য, জঙ্গলমহলে কুড়মিদের সমর্থন বিজেপির জয়ে বড় ভূমিকা রেখেছিল। সেই ভরসার মর্যাদা দিতেই আগামী ৩০ সেপ্টেম্বর নবান্নে অজিত মাহাতোদের সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠকের দিনও ধার্য করেছেন মুখ্যমন্ত্রী।

সাঁওতালি ভাষাকে অটল বিহারী বাজপেয়ীর সময়েই অষ্টম তফসিলে জায়গা দেওয়া হয়েছিল তা স্মরণ করিয়ে দিয়ে শুভেন্দু অধিকারী বলেন, “আপনাদের ভাষা ও সংস্কৃতিকে সম্মান জানানোই আমাদের লক্ষ্য। মুখ্যমন্ত্রীর ওপর ভরসা রাখুন, সংকল্পপত্রের প্রতিটি প্রতিশ্রুতি আমরা পূরণ করব।”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *