১৫ দিন পঞ্চায়েতে অনুপস্থিত প্রধান? বসবে প্রশাসক, কড়া বার্তা দিলীপ ঘোষের!

১৫ দিন পঞ্চায়েতে অনুপস্থিত প্রধান? বসবে প্রশাসক, কড়া বার্তা দিলীপ ঘোষের!

বিধানসভা নির্বাচনের পর থেকেই রাজ্যের একাধিক গ্রাম পঞ্চায়েতে কাজকর্ম থমকে থাকা নিয়ে জটিলতা তৈরি হয়েছে। কোথাও অনাস্থা প্রস্তাব, কোথাও প্রধানের পদত্যাগ, আবার কোথাও পদে থেকেও দীর্ঘদিন পঞ্চায়েতে না আসার কারণে ব্যাহত হচ্ছে সাধারণ মানুষের পরিষেবা। এই অচলাবস্থা কাটাতে এবার কড়া পদক্ষেপের হুঁশিয়ারি দিলেন পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষ। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, কোনও প্রধান টানা ১৫ দিন পঞ্চায়েতে না এলে আর অপেক্ষা করা হবে না, সেখানে সরাসরি প্রশাসক বসাবে রাজ্য সরকার।

রবিবার কোচবিহারে কোচবিহার ও আলিপুরদুয়ার জেলার পঞ্চায়েত কাজকর্ম নিয়ে একটি গুরুত্বপূর্ণ প্রশাসনিক বৈঠক করেন পঞ্চায়েত মন্ত্রী। বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, ভোটের পর উত্তরবঙ্গের বেশ কিছু অঞ্চলে রাজনৈতিক টানাপোড়েনের কারণে পঞ্চায়েত পরিচালনায় সমস্যা তৈরি হয়েছে। অনাস্থা ও পদত্যাগের পর নতুন বোর্ড গঠন না হওয়ায় থমকে রয়েছে একাধিক পঞ্চায়েতের কাজকর্ম।

তবে সাধারণ মানুষের পরিষেবা আটকে থাকা আর মেনে নেওয়া হবে না বলে জানান তিনি। মন্ত্রী স্পষ্ট করেন, পঞ্চায়েতের প্রশাসনিক কাজ সচল রাখতে এবার থেকে কড়া নজরদারি চালানো হবে। টানা ১৫ দিন প্রধান অনুপস্থিত থাকলেই আইন অনুযায়ী প্রশাসক নিয়োগের মাধ্যমে উন্নয়নমূলক কাজ এগিয়ে নিয়ে যাওয়া হবে।

রাজনৈতিক কোন্দল দ্রুত মেটাতে স্থানীয় বিধায়কদেরও উদ্যোগী হওয়ার বার্তা দেওয়া হয়েছে। পঞ্চায়েতের আইন পরিবর্তনের বিষয়টি যেন ঠিকভাবে কার্যকর হয়, সেদিকেও নজর রাখার নির্দেশ দেওয়া হয়েছে। দার্জিলিং ও কালিম্পং জেলার পর কোচবিহার ও আলিপুরদুয়ারে পঞ্চায়েত কাজের অগ্রগতি পর্যালোচনা করেই এই বড় সিদ্ধান্তের কথা জানান তিনি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *