ভিউয়ের নেশা ছেড়ে নদী সাফাই! দিল্লির যমুনায় কামাল দেখালেন ‘বিট্টু তাবাহি’, তুললেন ৫৮৫ কেজি আবর্জনা

ভিউয়ের নেশা ছেড়ে নদী সাফাই! দিল্লির যমুনায় কামাল দেখালেন ‘বিট্টু তাবাহি’, তুললেন ৫৮৫ কেজি আবর্জনা

সোশ্যাল মিডিয়ার দুনিয়ায় যখন অধিকাংশ কনটেন্ট ক্রিয়েটর ভিউ আর লাইকের পেছনে ছুটছেন, ঠিক তখনই এক অনুকরণীয় দৃষ্টান্ত তৈরি করলেন মধ্যপ্রদেশের সুরেন্দ্র সিং চৌধুরী—যাঁকে নেটিজেনরা চেনেন ‘বিট্টু তাবাহি’ নামে। সম্প্রতি মধ্যপ্রদেশের আজনার নদী পরিষ্কার করে বিশ্বজুড়ে নজর কেড়েছিলেন তিনি। এমনকি নেদারল্যান্ডের আন্তর্জাতিক পরিবেশ সংস্থা ‘দ্য ওশেন ক্লিনআপ’-এর সিইও বোয়ান স্লাটের কাছ থেকে কাজের সুযোগও পান। তবে সেই বিপুল জনপ্রিয়তায় না ভেসে তিনি নিজের মূল লক্ষ্যে অবিচল। এবার তাঁর নতুন মিশন—দেশের রাজধানী দিল্লির যমুনা নদী পরিষ্কার করা।

২০ সেপ্টেম্বর ‘ওয়ার্ল্ড ক্লিনআপ ডে’ উপলক্ষে ৩ দিনের একটি বিশেষ নদী সাফাই অভিযানের ডাক দেন বিট্টু। অভিযানের প্রথম দিনেই স্থানীয় স্বেচ্ছাসেবীদের পাশে নিয়ে দিল্লির যমুনা ঘাট থেকে তুলে ফেলেন প্রায় ৫৮৫ কেজি আবর্জনা।

পরবর্তীতে ইনস্টাগ্রামে সেই কাজের একটি আবেগঘন ভিডিও শেয়ার করে বিট্টু লেখেন— সাড়ে চার ঘণ্টার টানা পরিশ্রমে যমুনার ঘাট থেকে প্লাস্টিকের বর্জ্য, পচে যাওয়া ফুল, মালা ও পুজোর নানা সামগ্রী সাফ করা হয়েছে। স্থানীয় মানুষ স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে না এলে এই কাজ সম্ভব হতো না বলেও জানান তিনি।

নেটদুনিয়ায় ভিডিওটি পোস্ট হতেই মুহূর্তের মধ্যে তা ভাইরাল হয়ে যায়। মাত্র কয়েক ঘণ্টার মধ্যে ভিউ পেরিয়ে যায় ৩ লাখের গণ্ডি। সাধারণ মানুষ থেকে শুরু করে নেটিজেনরা বিট্টুর এই নিঃস্বার্থ কাজের প্রশংসায় পঞ্চমুখ। অনেকেই কমেন্টে লিখেছেন, “একজন মানুষও যে একা এতটা পরিবর্তন আনতে পারে, তা তুমি প্রমাণ করে দিলে।” পাশাপাশি, অনেকে তাঁকে নিজের স্বাস্থ্যের সুরক্ষায় গ্লাভস ও পিপিই (PPE) কিট ব্যবহারের পরামর্শও দিয়েছেন।

তবে এখানেই থেমে থাকছেন না এই তরুণ পরিবেশকর্মী। যমুনা সাফাই অভিযান শেষে তাঁর পরবর্তী গন্তব্য হরিয়ানার গুরুগ্রামের খেড়কি দৌলা। নিজের নিষ্ঠা আর কাজের মাধ্যমে সারাদেশের মানুষকে পরিবেশ সচেতনতার এক নতুন দিশা দেখাচ্ছেন বিট্টু তাবাহি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *