২৪ ঘণ্টার মধ্যেই ইউ-টার্ন! ৩ মাস পর খুলে ফের কেন বন্ধ ঈশ্বর গুপ্ত সেতুর টোল?

হুগলি: তিন মাস প্রতীক্ষার পর অবশেষে সোমবার চালু হয়েছিল হুগলির ঈশ্বর গুপ্ত সেতুর টোল গেট। কিন্তু নাটকের শেষ সেখানেই নয়! চালুর ২৪ ঘণ্টার মধ্যেই ফের ঝুলল তালা। মঙ্গলবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে আচমকাই বন্ধ করে দেওয়া হলো টোল আদায়। কিন্তু কেন এই আচমকা সিদ্ধান্ত? তা নিয়ে মুখে কুলুপ এঁটেছে পূর্ত দপ্তর।
১ দিনেই বদলাল চিত্রপট হুগলির বাঁশবেড়িয়া ও নদিয়ার কল্যাণীকে সংযুক্তকারী ঈশ্বর গুপ্ত সেতুটি দীর্ঘদিন ধরেই বেশ জীর্ণ। জরাজীর্ণ অবস্থার কারণে ভারী যান চলাচল বন্ধ রেখে কেবল বাইক, ছোট চার চাকার গাড়ি ও টোটো যাতায়াতের অনুমতি রয়েছে।
বিধানসভা ভোটের পর চালকদের ক্ষোভের মুখে প্রায় তিন মাস বন্ধ ছিল এই সেতুর টোল আদায়। সোমবার নতুন ও কম হারে (৫, ১৫ ও ৩০ টাকা) পুনরায় টোল আদায় শুরু হলেও মঙ্গলবারই তা ফের স্তব্ধ হয়ে যায়।
প্রশাসনের স্পষ্ট বার্তা মেলেনি টোল আদায় বন্ধের বিষয়ে পূর্ত দপ্তরের ইঞ্জিনিয়ার সুজয় সরকার জানান, “ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশেই টোল চালু করা হয়েছিল, আবার তাঁদের নির্দেশেই বন্ধ করা হয়েছে।” তবে হঠাৎ কী কারণে এই নির্দেশ, তা নিয়ে মুখ খুলতে চাননি তিনি।
বিধায়কের মত সপ্তগ্রামের বিধায়ক স্বরাজ ঘোষ জানান, টোল গেটটি সম্পূর্ণ বৈধ। তবে তিনি যোগ করেন, “টোটো চালিয়ে যাঁরা সংসার চালান, তাঁদের থেকে টোল নেওয়া অনুচিত। বড় গাড়ির ক্ষেত্রে সামান্য টোল নেওয়া হলেও দরিদ্র চালকদের ছাড় দেওয়া উচিত।”
এক দিকে স্বস্তি, অন্য দিকে অনিশ্চয়তা টোল বন্ধের খবরে চালক ও নিত্যযাত্রীদের মুখে হাসি ফুটলেও মাথায় হাত পড়েছে টোল কর্মীদের। একদিনেই কাজ হারিয়ে নিজেদের চাকরি ও ভবিষ্যৎ নিয়ে তীব্র অনিশ্চয়তায় দিন কাটাচ্ছেন তাঁরা।