১০ ছোঁয়ার আগেই তামাকের নেশা! সরকারি পরিসংখ্যান জেনে আঁতকে উঠবেন

কলকাতা: স্কুলে পড়ার বয়সেই তামাকের মারণ ছোবল! কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের ‘গ্লোবাল ইয়ুথ টোব্যাকো সার্ভে’-র সাম্প্রতিক তথ্য সামনে আনল শিশু-কিশোরদের তামাক ব্যবহারের এক উদ্বেগজনক ছবি। পরিসংখ্যানে দেখা যাচ্ছে, দেশে তামাকের নেশায় পা দেওয়ার গড় বয়স এখন নেমে এসেছে ১০ বছরেরও নিচে।
আঁতকে ওঠার মতো পরিসংখ্যান:
- ধোঁয়াহীন তামাক: নেশা শুরুর গড় বয়স মাত্র ৯.৯ বছর।
- বিড়ি: বিড়িতে প্রথম টান দেওয়ার গড় বয়স ১০.৫ বছর।
- সিগারেট: প্রথম সিগারেট খাওয়ার গড় বয়স ১১.৫ বছর।
- সংকট: বর্তমানে ১৩ থেকে ১৫ বছর বয়সি স্কুল পড়ুয়াদের প্রায় ৮.৫ শতাংশ কোনো না কোনো তামাকজাত দ্রব্য ব্যবহার করছে।
আইন থাকলেও প্রয়োগে বড় ফাঁক: সম্প্রতি শহরে মানভূম আনন্দ আশ্রম নিত্যানন্দ ট্রাস্ট (মন্ত)-এর উদ্যোগে ‘চাইল্ড প্রোটেকশন অ্যান্ড টোব্যাকো কন্ট্রোল’ শীর্ষক একটি রাজ্যস্তরীয় বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উঠে আসে, দোকান থেকে সিগারেট বা বিড়ি কিনতে গিয়ে বয়সের কারণে ফিরিয়ে দেওয়া হয়েছে—এমন ঘটনা ঘটেনি যথাক্রমে ৪৫% এবং ৪৭% স্কুল পড়ুয়ার ক্ষেত্রে। অর্থাৎ, নাবালকদের কাছে তামাক বিক্রি নিষিদ্ধ হলেও বাস্তবক্ষেত্রে আইন প্রয়োগের বড় ঘাটতি রয়ে গেছে।
বিশেষজ্ঞদের পরামর্শ ও আইনি ব্যবস্থা: তামাকজাত দ্রব্য নিয়ন্ত্রণ আইন (COTPA)-এর ৪ ও ৬ নম্বর ধারা এবং জুভেনাইল জাস্টিস অ্যাক্টের ৭৭ নম্বর ধারার সঠিক প্রয়োগের ওপর জোর দিয়েছেন বিশেষজ্ঞরা। ‘মন্ত’-র প্রধান কর্মকর্তা নির্মাল্য মুখোপাধ্যায় জানান, “কেবল আইন প্রয়োগ নয়, আইনের ফাঁক বন্ধ করার পাশাপাশি ছোটদের সুরক্ষায় প্রয়োজন পরিবার, স্কুল ও স্বাস্থ্য পরিষেবার যৌথ উদ্যোগ এবং সঠিক কাউন্সেলিং।”