‘বন্ধ হোক SIR, ফিরুক ১৩.৩ কোটি নাম!’ নির্বাচন কমিশনের বিরুদ্ধে গর্জে উঠল কংগ্রেস

নয়াদিল্লি: ভোটার তালিকা সংশোধন বা SIR প্রক্রিয়া নিয়ে নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে ফের সরব হলো কংগ্রেস। দিল্লির ইন্দিরা ভবনে কংগ্রেস ওয়ার্কিং কমিটির (CWC) গুরুত্বপূর্ণ বৈঠকের পর কমিশনের স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে একটি কড়া প্রস্তাব পাশ করা হয়েছে।
‘ভোট চুরি’ ও ভোটার বাদ দেওয়ার অভিযোগ রাহুল গান্ধীর তোলা ‘ভোট চুরি’র অভিযোগ পুনর্ব্যক্ত করে কংগ্রেস দাবি করেছে, বর্তমান নির্বাচন কমিশনের কার্যকলাপে দেশের পুরো নির্বাচনী ব্যবস্থার ওপর মানুষের আস্থা তলানিতে ঠেকেছে। দলের অভিযোগ, SIR-এর নামে ইতিমধ্যেই দেশের প্রায় ১৩ কোটি ৩০ লক্ষ বৈধ ভোটারের নাম তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। এর মাধ্যমে সাধারণ নাগরিকদের ওপর নিজেদের নাগরিকত্ব ও যোগ্যতা প্রমাণের অহেতুক বোঝা চাপানো হচ্ছে।
এমনকি সিডব্লিউসি-র দাবি অনুযায়ী, গত ১০ মাসে কমিশনেরই দুই কমিশনার অন্তত ১৪টি বিষয়ে আপত্তি জানিয়েছিলেন এবং ‘ফর্ম ৬’-এ অননুমোদিত ও বেআইনি পরিবর্তনের অভিযোগ তুলেছিলেন।
কংগ্রেস ওয়ার্কিং কমিটির ৩ মূল দাবি:
- সিইসি-র পদত্যাগ: বর্তমান মুখ্য নির্বাচন কমিশনারের (CEC) অবিলম্বে পদত্যাগ নিশ্চিত করতে হবে।
- SIR স্থগিত: বিতর্কিত SIR প্রক্রিয়া অবিলম্বে বন্ধ রাখতে হবে।
- নাম পুনর্বহাল: তালিকায় বাদ পড়া ১৩ কোটি ৩০ লক্ষ ভোটারের নাম দ্রুত ফিরিয়ে আনতে হবে।
সংসদ থেকে রাজপথে লড়াইয়ের হুঁশিয়ারি কংগ্রেসের অভিযোগ, বর্তমান কেন্দ্রীয় শীর্ষ নেতৃত্বের স্বার্থরক্ষার্থেই কমিশনকে ব্যবহার করা হচ্ছে। এই সিদ্ধান্তের প্রতিবাদে কেবল আইনি বা সংসদীয় লড়াই নয়, রাজপথে নেমে দেশব্যাপী তীব্র আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দিয়েছে দল।